images

খেলা / ফুটবল

যে রেকর্ড গড়লে মেসির আর কোনো কিছুর অপূর্ণতা থাকবে না

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৯:০৪ এএম

লিওনেল মেসি আবারও বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ক শেষ ষোলো পর্যন্ত ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। এখন তার সামনে লক্ষ্য ১৯৫৮ সালের বিশ্বকাপে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের ঐতিহাসিক রেকর্ড।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত এক ভলি থেকে গোল করে নিজের গোলসংখ্যা ৮-এ উন্নীত করেছেন মেসি। ফলে ফন্টেইনের ১৩ গোলের রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আরও ৫টি গোল। আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত পৌঁছায়, তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই তিন ম্যাচেই থাকবে সেই রেকর্ড গড়ার সুযোগ।

তবে গোলসংখ্যা আরও বাড়তে পারত মেসির। এবারের বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন তিনি। দুটি সুযোগ কাজে লাগাতে পারলে এখনই তার গোল হতো ১০টি। একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

চলতি আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন মেসি এবং প্রতিটি ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। তার ৮ গোলের মধ্যে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে একটি করে গোল রয়েছে।

গোলদাতার তালিকায় মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড, দুজনেরই গোল ৭টি। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ৬টি। চারজনই এখনও কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে রয়েছেন।

বিশ্বকাপের ইতিহাসে জাস্ট ফন্টেইনের ১৩ গোলের রেকর্ড প্রায় সাত দশক ধরে অক্ষত রয়েছে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন তিনি। এরপর আর কোনো ফুটবলার এক আসরে সেই কীর্তি ছুঁতে পারেননি।

বিশ্বকাপের সামগ্রিক পরিসংখ্যানেও মেসি অনন্য উচ্চতায়। ছয়টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ২১ গোল করেছেন তিনি দুই ক্ষেত্রেই যা সর্বোচ্চ। অন্যদিকে মাত্র তিনটি বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৯ গোল করে তার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

এবারের আসরে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার ধারাবাহিকতা ধরে রেখে এবার আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন তিনি।

আরও পড়ুন
MISHORE

ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর

এখন সব নজর কোয়ার্টার ফাইনালের দিকে। মেসি যদি ফন্টেইনের ১৩ গোলের রেকর্ড ভাঙতে পারেন, তবে বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত অর্জনের তালিকায় তার সামনে আর নতুন কোনো অপূর্ণতা থাকবে না। আর মেসির সেই হাসি মানেই আর্জেন্টিনার শিরোপা স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে ওঠা।

আরটিভি/এসকে