images

খেলা / ফুটবল

ফিফার যে সিদ্ধান্তে স্বস্তি পেল না ফ্রান্স

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৯:১৫ এএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করেছে ফিফা। ফলে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না এই ফরাসি উইঙ্গার।

বুধবার (৮ জুলাই) ফক্সবরোতে সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিশ্চিত করে বলেন, হলুদ কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। আজ সকালে ফিফা আমাদের জানিয়েছে, কার্ডটি বহাল রাখা হয়েছে।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে প্যারাগুয়ের মাতিয়াস গালারসার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ ছিল না। ওলিসে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত দিলে গালারসা মাটিতে পড়ে মুখে আঘাতের অভিযোগ করেন। এরপরই হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি।

শুধু ওলিসেই নন, প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখায় একই শাস্তির ঝুঁকিতে রয়েছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও। মরক্কোর বিপক্ষে তারা আবারও সতর্কবার্তা পেলে সেমিফাইনালে নিষিদ্ধ হতে পারেন।

এদিকে চোট কাটিয়ে ফেরার পথে রয়েছেন মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি। উরুর চোটে শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা এই তারকা সম্পর্কে দেশম বলেন, চুয়ামেনি আগের চেয়ে ভালো আছে। আজ অনুশীলনে অংশ নিতে পারে, তবে সেটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের বাকি সবাই প্রস্তুত রয়েছে।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো। তবে রেফারি নিয়োগ নিয়ে কোনো বিতর্কে যেতে চান না দেশম।

তিনি বলেন, রেফারি নিয়োগ নিয়ে আমার কিছু করার নেই। আমি শুধু তাদের ওপর আস্থা রাখতে চাই। আশা করি মি. তেলো ও তার সহকারীরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমাদের প্রতিপক্ষ মরক্কো। রেফারিকে আমি কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না।

আরও পড়ুন
MESSI

যে রেকর্ড গড়লে মেসির আর কোনো কিছুর অপূর্ণতা থাকবে না

উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম আগেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষেই তিনি ১৪ বছরের কোচিং অধ্যায়ের ইতি টানবেন। ফলে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স হেরে গেলে সেটিই হবে জাতীয় দলের কোচ হিসেবে তার শেষ ম্যাচ। তবে বিদায়ের আবেগ নয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচেই পুরো মনোযোগ রাখছেন অভিজ্ঞ এই কোচ।

আরটিভি/এসকে