বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১০:৩৬ এএম
আর্জেন্টিনার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে মিশরের। নাটকীয় এই ম্যাচের পর রেফারিং ও ভিএআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিশরের কোচিং স্টাফ। ম্যাচ শেষে মাঠ থেকে শুরু করে সংবাদ সম্মেলন সব জায়গাতেই অসন্তোষের বহিঃপ্রকাশ দেখা যায় মিশরের প্রধান কোচ হোসাম হাসানের মধ্যে।
ম্যাচ শেষ হওয়ার পর ক্ষুব্ধ অবস্থায় ভাই ও সহকারী কোচ ইব্রাহিম হাসানসহ কোচিং স্টাফদের নিয়ে ড্রেসিংরুমের দিকে রওনা হন হোসাম হাসান। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে নিজের স্বাভাবিক অভ্যাস অনুযায়ী দ্রুত ড্রেসিংরুমের দিকে হাঁটছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ভিড় এড়িয়ে যাওয়ার সময় তিনি প্রায় ধাক্কা দিয়েই মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসানের পাশ কাটিয়ে যান।
ঠিক সেই মুহূর্তে স্কালোনিকে দেখতে পান হোসাম হাসান। সঙ্গে সঙ্গে তিনি স্কালোনির দিকে ঘুরে উচ্চস্বরে কিছু বলতে থাকেন এবং তার প্রতিক্রিয়ার অপেক্ষা করেন। তবে স্কালোনি কোনো জবাব না দিয়ে নিজের পথেই হাঁটতে থাকেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে তার পেছন থেকেও চিৎকার করতে দেখা যায় মিশরের কোচকে।
">twitter-frameEgypt coach screaming at Lionel Scaloni's face while Scaloni completely ignoring him pic.twitter.com/QBZjgbld6Z
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) July 8, 2026
যদিও ঘটনাটি আর বড় কোনো সংঘর্ষে রূপ নেয়নি। মাঠে উপস্থিত অন্য কর্মকর্তাদের কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
এদিকে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তোলেন হোসাম হাসান। তিনি দাবি করেন, ম্যাচের রেফারিং ও ভিএআরের সিদ্ধান্তগুলো প্রশ্নবিদ্ধ ছিল এবং পুরো ম্যাচটি ছিল ‘স্পষ্টভাবে সাজানো’ বা ‘ফিক্সড’।
তবে হোসাম হাসানের এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরটিভি/এসকে