images

খেলা / ফুটবল

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী, শিরোপা জয়ে এগিয়ে যে দল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১২:৪৪ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে ইতোমধ্যে ৯৬টি ম্যাচ শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র আটটি ম্যাচ, আর শিরোপার দৌড়ে টিকে আছে আটটি দল। একদিনের বিরতির পর শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল। 

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার (১০ জুলাই) মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে, নকআউট পর্বের শেষ দুটি ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

এমন পরিস্থিতিতে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। তথ্য-উপাত্ত ও পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে অপটা মনে করছে, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাই সেমিফাইনালে ওঠার সবচেয়ে সম্ভাবনাময় চার দল।

সেমিফাইনালে ওঠার সম্ভাবনা (অপটা সুপার কম্পিউটার)
ফ্রান্স – ৭৩.৮৮%
মরক্কো – ২৬.১২%
স্পেন – ৬৯.৭০%
বেলজিয়াম – ৩০.৩০%
ইংল্যান্ড – ৬২.৩৫%
নরওয়ে – ৩৭.৬৫%
আর্জেন্টিনা – ৬৯.১৩%
সুইজারল্যান্ড – ৩০.৮৭%

নকআউট পর্বে অপটার সুপার কম্পিউটারও বেশ নির্ভুলতার পরিচয় দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের মধ্যে ছয়টির নাম আগেই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল তারা। এছাড়া শেষ ষোলোর ১৬ ম্যাচের মধ্যে ১৪টির ফলও সঠিকভাবে অনুমান করতে সক্ষম হয়েছে এই পরিসংখ্যানভিত্তিক মডেল।

শুধু সেমিফাইনাল নয়, সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন নিয়েও পূর্বাভাস দিয়েছে অপটা। সর্বশেষ বিশ্লেষণে ফ্রান্সকে শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, আর তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন লড়াই করে জিতলেও আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা বেড়েছে বলে মনে করছে সুপার কম্পিউটার।

অন্যদিকে, সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। আর নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে অপটার সর্বশেষ বিশ্লেষণ।

আরও পড়ুন
FRATOA

নিজেকে লুকিয়ে ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের পূর্বাভাস কতটা বাস্তবে মিলে যায়, নাকি কোয়ার্টার ফাইনাল থেকেই অপেক্ষা করছে নতুন কোনো অঘটন।

অপটার হিসাবে শিরোপা জয়ের সম্ভাবনা
ফ্রান্স – ২৭.৩%
স্পেন – ২১.৩%
আর্জেন্টিনা – ১৭.৩%
ইংল্যান্ড – ১৬.৫%
নরওয়ে – ৬.৬%
সুইজারল্যান্ড – ৩.৮%
মরক্কো – ৩.৭%
বেলজিয়াম – ৩.৬%

আরটিভি/এসকে