বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১২:৫১ পিএম
বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। বাঁচা-মরার লড়াইয়ে এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স এবং আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। এছাড়া টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিন, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপেও ম্যাচটি দেখা যাবে।
ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ফ্রান্সকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছে অপ্টার সুপার কম্পিউটার। ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২.১ শতাংশ।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফ্রান্স এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চে একমাত্র দেখায় ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলের জয় পেয়েছিল ফরাসিরা।
তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। এবারের বিশ্বকাপে একাধিক অপ্রত্যাশিত ফলাফল দেখা গেছে। দুর্দান্ত ছন্দে থাকা মরক্কো ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই সুপারকম্পিউটার ফ্রান্সকে এগিয়ে রাখলেও মাঠের লড়াইয়ে চমক দেখানোর সুযোগ থাকছেই।
আরটিভি/এসকে