images

খেলা / ফুটবল

মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০১:২৯ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত পরাজয়ের পর মিশর জাতীয় ফুটবল দলের প্রতি সংহতির বার্তা দিয়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। নিজেদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের ‘No to Racism’ প্রতীক প্রদর্শনের একটি ছবি প্রকাশ করে মরক্কো। পোস্টটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান মাঠে ফিফার ‘No to Racism’ প্রতীক হিসেবে দুই হাত ক্রস করে প্রতিবাদ জানান। ম্যাচ পরিচালনা নিয়ে তার অসন্তোষের প্রেক্ষাপটে করা এই অঙ্গভঙ্গি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর কিছুক্ষণ পরই মরক্কো জাতীয় ফুটবল দলের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে হোসাম হাসানের সেই ছবিটি পোস্ট করা হয়। ছবির সঙ্গে ‘No to Racism’ বার্তাও যুক্ত করা হয়। পোস্টটি প্রকাশের পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এটিকে মিশরের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।

তবে মরক্কোর পোস্টে আর্জেন্টিনা, ম্যাচের রেফারিং কিংবা মিশরের অভিযোগ নিয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি। পোস্টটিতে মূলত ফিফার বর্ণবাদবিরোধী বার্তাকে গুরুত্ব দেওয়া হয় এবং হোসাম হাসানের প্রদর্শিত প্রতীকের প্রতি সমর্থন প্রকাশ করা হয়।

আরও পড়ুন
FIFANIK

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে 'ফিফানিক' বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা

এদিকে, পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এর সত্যতা নিয়েও আলোচনা শুরু হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি মরক্কো জাতীয় ফুটবল দলের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকেই প্রকাশিত একটি বাস্তব পোস্ট।

আরটিভি/এসকে