বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:৪১ পিএম
বিশ্বকাপ ফাইনাল মানেই বিশ্বসেরা দুই দলের শিরোপা লড়াই। তবে ২০২৬ সালের ফাইনালে ফুটবলের উত্তেজনার সঙ্গে যোগ হচ্ছে সংগীতের এক বর্ণাঢ্য আয়োজন। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। খবর আল-জাজিরার।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টায়। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজন ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালে এত বড় পরিসরের সংগীত অনুষ্ঠান এবারই প্রথম। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে পারফর্মিং শিল্পীদের তালিকা। পুরো আয়োজনের পরিকল্পনা ও তত্ত্বাবধান করছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, লাতিন সংগীতের জনপ্রিয় শিল্পী শাকিরা, কিংবদন্তি গায়িকা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। এছাড়া থাকছেন নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, নিউইয়র্কের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পিএস২২ কোরাস এবং কোল্ডপ্লে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশনেরও সম্ভাবনা রয়েছে। গানটিতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বার্না বয়।
শুধু বিনোদনের জন্যই নয়, এই আয়োজনের রয়েছে মানবিক উদ্দেশ্যও। হাফটাইম শো থেকে প্রাপ্ত সহায়তা যাবে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে ১০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই প্রকল্প।
এই উদ্যোগে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো পৃথিবীকে একত্রিত করে। একই সঙ্গে শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর মতো উদ্যোগে অংশ নিতে পারা তার জন্য বিশেষ আনন্দের।
বিশেষ এই আয়োজনে থাকবে শিশুতোষ বিনোদনের ছোঁয়াও। দর্শকদের জন্য উপস্থিত থাকবে সিসেমি স্ট্রিটের জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজনকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক মঞ্চ হিসেবে উল্লেখ করেছেন। তার আশা, বিশ্বের প্রায় ২০০ কোটি দর্শক এই ঐতিহাসিক হাফটাইম শো উপভোগ করবেন।
আরটিভি/এসকে