images

খেলা

কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০১:২৯ এএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের ঠিক আগেই বড় ধরনের ধাক্কা খেল ইংল্যান্ড দল। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখার দায়ে ইংলিশ ডিফেন্ডার জারেল কুয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল তো বটেই, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও মাঠে নামতে পারবেন না তিনি।

মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে জয়ের সেই নাটকীয় ম্যাচের ৫৪ মিনিটে জেসুস গ্যালার্দোকে একটি বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল কুয়ানসাকে।

ফিফার নিয়ম অনুযায়ী যেকোনো সরাসরি লাল কার্ডের জন্য সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কুয়ানসাহর ফাউলটিকে গুরুতর অন্যায় আচরণ হিসেবে গণ্য করে ফিফা তার শাস্তির মেয়াদ আরও এক ম্যাচ বাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই সাজার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের।

আরও পড়ুন
18

ফিফার নতুন নিয়মে ফাইনালের পথে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

ইংল্যান্ড যদি আগামী ১৯ জুলাই নিউ জার্সির ফাইনাল মঞ্চে পা রাখতে পারে, একমাত্র তখনই আবার দলে ফিরতে পারবেন সাবেক এই লিভারপুল তারকা।

কুয়ানসার এই নিষেধাজ্ঞা ইংলিশ কোচ টমাস টুখেলকে রক্ষণভাগ সাজানো নিয়ে এক মহাসংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ইংল্যান্ডের রাইট-ব্যাক পজিশনটি ইনজুরির জর্জরিত। প্রথম পছন্দের ডিফেন্ডার রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকে এখনও মাঠে নামতে পারেননি।

আরটিভি/ এসকেডি