শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৬:১২ পিএম
মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে শুধু অনুশীলনই নয়, সুষম খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের শীর্ষ ফুটবলাররা নিজেদের ফিটনেস ধরে রাখতে কঠোর ডায়েট অনুসরণ করেন। তবে সেই নিয়মের মধ্যেও রয়েছে তাদের কিছু প্রিয় খাবার।
চলুন জেনে নেওয়া যাক লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন ও জুড বেলিংহ্যামের পছন্দের খাবার সম্পর্কে।
লিওনেল মেসি
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রিয় খাবারের তালিকায় রয়েছে আসাদো, মিলানেসা (বিফ, চিকেন বা পর্ক ও ডিম দিয়ে তৈরি লাতিন আমেরিকার জনপ্রিয় খাবার) এবং রোস্টেড চিকেন। এছাড়া সুযোগ পেলে তিনি পিজ্জা, চকোলেট ও আইসক্রিমও উপভোগ করেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো
৪১ বছর বয়সেও অসাধারণ ফিটনেস ধরে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে ডিম, অ্যাভোকাডো, মাছ ও চিকেন। তবে নিয়মের বাইরে তার সবচেয়ে প্রিয় ‘চিট মিল’ হলো পর্তুগালের ঐতিহ্যবাহী বাকালহাউ আ ব্রাস, যা কড মাছ, ডিম ও আলু দিয়ে তৈরি।
আর্লিং হালান্ড
নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ডের পছন্দের খাবারের মধ্যে রয়েছে ডিম, সাওয়ারডো ব্রেড, মধু এবং বিভিন্ন ধরনের স্টেক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার দৈনিক খাদ্য থেকে প্রায় ৬ হাজারের বেশি ক্যালোরি গ্রহণ করেন তিনি। যা তার উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কিলিয়ান এমবাপ্পে
ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে প্রতিদিন মাছ, হোলগ্রেইন ও স্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ ছয়টি ব্যালান্সড মিল গ্রহণ করেন। তবে তার সবচেয়ে প্রিয় খাবার কার্বোনারা, যা ইতালির জনপ্রিয় রোমান পাস্তার একটি পদ।
হ্যারি কেন
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ব্যক্তিগত পুষ্টিবিদ ও শেফের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা অনুসরণ করেন। তার প্রতিদিনের মিলে থাকে ওটস, ডিম, স্যামন মাছ ও লিন প্রোটিন, যা তাকে দীর্ঘ মৌসুমজুড়ে ফিট থাকতে সাহায্য করে।
জুড বেলিংহ্যাম
ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে গ্রিক ইয়োগার্ট, টার্কি ও বিভিন্ন ধরনের সালাদ। আর ম্যাচের আগে তার পছন্দের খাবার বেকড বিনস ও ডিম, যা দ্রুত শক্তি জোগাতে সহায়ক।
ফিটনেসের মূলমন্ত্র
বিশ্বসেরা এই ফুটবলারদের খাদ্যাভ্যাসে একটি বিষয় স্পষ্ট প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, জটিল শর্করা এবং সুষম পুষ্টির ওপরই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। নিয়মিত অনুশীলনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই তাদের দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে।
আরটিভি/এসকে