images

খেলা / ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৯:২২ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর ৩৪ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন।

যদিও মানের অবসরের সিদ্ধান্তটি একেবারে অপ্রত্যাশিত ছিল না। এর আগে তিনি জানিয়েছিলেন, মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) হবে সেনেগালের হয়ে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে পরে তিনি ২০২৬ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেন।

অবসরের ঘোষণায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানে বলেন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। দেশের জন্য সর্বোচ্চটা দিয়েছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। আপনাদের অবিচল সমর্থনই আমার সাফল্যের সবচেয়ে বড় প্রেরণা ছিল।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও দেশের ফুটবল থেকে নিজেকে দূরে রাখতে চান না এই তারকা। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর জাতীয় দলের কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ কিংবা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে সেনেগালের ফুটবলের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

তবে ক্লাব ফুটবলে আপাতত খেলা চালিয়ে যাবেন মানে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

সেনেগালের জার্সিতে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৫৪টি গোল করেছেন সাদিও মানে। দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

আরও পড়ুন
messi

নিয়মভঙ্গ করে মেসিকে ক্লাব বিশ্বকাপে খেলিয়েছিলেন ইনফান্তিনো, জেনে নিন ইতিহাস

জাতীয় দলের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে। যখন সেনেগাল প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে। এছাড়া ২০১৯ সালের আসরে দলকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালের আফকনজয়ী দলেও তিনি ছিলেন অন্যতম অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ সদস্য।

আরটিভি/এসকে