শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৭:৩০ পিএম
বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর শেষ আটে ওঠা সুইজারল্যান্ড। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
কাগজে-কলমে ফেবারিট আর্জেন্টিনা হলেও নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। সাম্প্রতিক ম্যাচগুলোতে সুযোগ নষ্ট করা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করার প্রবণতা লিওনেল স্কালোনির দলের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অন্যদিকে, সংগঠিত ফুটবল খেলে শক্তিশালী কলম্বিয়াকে বিদায় দিয়ে শেষ আটে উঠে আত্মবিশ্বাসে ভরপুর সুইজারল্যান্ড।
ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তার মতে, অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া সুইস দলটি যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে, সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন জানিয়েছেন, শুরু থেকেই হাই-প্রেসিং ফুটবল খেলে আর্জেন্টিনার স্বাভাবিক ছন্দ নষ্ট করার পরিকল্পনা তাদের।
ইতিহাস অবশ্য সুইজারল্যান্ডের পক্ষে নয়। আর্জেন্টিনার বিপক্ষে সাত দেখায় কোনো জয় নেই তাদের। পাঁচবার হেরেছে, দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপেও দুই দলের আগের দুই সাক্ষাতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
তবে এবার সেই ইতিহাস বদলাতে চান সুইস অধিনায়ক গ্রানিত শাকা। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে নতুন ইতিহাস লেখা সম্ভব।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্লেষণেও এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। বর্তমান ফর্ম, স্কোয়াডের গভীরতা এবং সামগ্রিক শক্তিমত্তা বিবেচনায় মেসিদের জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছে এআই। সম্ভাব্য ফল হিসেবে ২-১ অথবা ১-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে এআই সতর্কও করেছে সুইজারল্যান্ড যদি শুরু থেকেই রক্ষণভাগ শক্ত রেখে পাল্টা আক্রমণে কার্যকর হতে পারে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত গড়াতে পারে।
অন্যদিকে, অপটার সুপার কম্পিউটারের ২৫ হাজার প্রাক্-ম্যাচ সিমুলেশনেও এগিয়ে আর্জেন্টিনা। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ, সুইজারল্যান্ডের ১৮.৭ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ।
তবে ফুটবলের নকআউট মঞ্চে পরিসংখ্যান বা পূর্বাভাসই শেষ কথা নয়। একটি মুহূর্ত, একটি গোল কিংবা টাইব্রেকারের কয়েকটি শটই বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। এখন দেখার অপেক্ষা লিওনেল মেসির আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে, নাকি ইতিহাস গড়ে শেষ চারে জায়গা করে নেয় সুইজারল্যান্ড।
আরটিভি/এসকে