images

খেলা

নরওয়ে নাকি ইংল্যান্ড, সেমি ফাইনালে কাকে চেয়েছিলেন স্কালোনি?

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৮:০৭ পিএম

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বোধ হয় পুরোনো বিতর্ক বা অতীত ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে চান না। তাই তো কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারানোর পর সামনে যখন ইংল্যান্ডের মতো বড় প্রতিপক্ষ, তখন তিনি বেশ শান্ত সুরেই কথা বললেন।

শেষ চারে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধ বা ম্যারাডোনার ইতিহাসের কারণে আর্জেন্টাইনদের কাছে এই ম্যাচটি আবেগের হলেও, স্কালোনি একে স্রেফ ‘একটি ফুটবল ম্যাচ’ হিসেবেই দেখছেন। প্রতিপক্ষ নরওয়ে নাকি ইংল্যান্ড হবে সেসব নিয়ে ভাবেননি তিনি। 

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে মহানাটকীয় ম্যাচে জয়ের পরই আর্জেন্টিনার ড্রেসিংরুমে ইংল্যান্ড বিরোধী ‘উস্কানিমূলক’ গান গেয়েছিলেন মেসি-মার্টিনেজরা। তাদের সমর্থকরাও যুক্তরাষ্ট্র কিংবা বুয়েইন এইরেসের রাস্তায় ইংলিশ বিরোধী স্লোগান ধরেন। 

আজ কানসাসে কোয়ার্টার ফাইনাল বাধা পেরোনোর পরপরই সেমিফাইনালের মহারণের আবহ শুরু হয়ে যায়। অতিরিক্ত সময়ে সুইসদের হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়রা যখন মাঠে গ্যালারির সমর্থকদের সাথে উল্লাসে মাতলেন, তখন তাদের মুখে মুখরিত হচ্ছিল সেই চিরচেনা ঐতিহাসিক স্লোগান—“কো এল কে নো সালতা, এস উন ইংলেস” (যে লাফাবে না, সে-ই ইংরেজ)। 

আরও পড়ুন
Web-Image

সেমিফাইনালে উঠেই সমর্থকদের যে বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

ইংল্যান্ড ম্যাচ নিয়ে মাঠের বাইরের বাড়তি উত্তেজনাকে একপাশে সরিয়ে রেখে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এটি স্রেফ একটি ফুটবল ম্যাচ। এর চেয়ে বেশি কিছু খোঁজার প্রয়োজন নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হবো, যারা খুব ভালো ফুটবল খেলে এবং যাদের একজন অসাধারণ কোচ আছেন। এখন আমাদের শক্তি ফিরে পাওয়াটাই সবচেয়ে জরুরি। আমার মনে হয়, এই মুহূর্তে সেটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।

কোয়ার্টারের লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। হালান্ডদের ২-১ গোলে হারিয়ে সেমিতে চলে গেছে হ্যারি কেইনরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসিরা। নকআউটের টানা তিনটি ম্যাচে যে পরিমাণ শারীরিক ও মানসিক ধকল দলের ওপর দিয়ে গেছে, স্কালোনির বর্তমান মূল লক্ষ্য এখন খেলোয়াড়দের দ্রুত চোটমুক্ত ও সতেজ করে তোলা।

তিনি বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেলেদের এনার্জি ফিরিয়ে আনা এবং ভালোভাবে রিকভারি করা। 

সেমিফাইনালের আগে নিজেদের উন্নতির প্রয়োজন দেখছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ, আমাদের বাস্তববাদী হতে হবে, উন্নতির অনেক জায়গা রয়েছে। তবে জয় নিয়ে সেই বিষয়গুলো বিশ্লেষণ করা সব সময়ই ভালো।

ম্যাচ বিশ্লেষণের বাইরে গিয়েও আর্জেন্টিনার আরেকটি ঐতিহাসিক সাফল্যের কথা তুলে ধরেন স্কালোনি। 

টানা আরেকবার বিশ্বকাপের শেষ চারে ওঠা নিয়ে তিনি বলেন, আমরা আরও ভালো খেলতে পারতাম, কিন্তু এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। আবারও সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে ইতিহাস।

খেলোয়াড়দের উদ্দেশে তার শেষ কথা, আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। শরীরের শেষ শক্তি আর শেষ বিন্দু ঘাম দিয়ে চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত আমরা সফল হই, দারুণ হবে।

আরটিভি/এমএ