images

খেলা / ফুটবল

চোটে মাঠের বাইরে, তবু মেসির উপহারে সুইস তারকা মানজাম্বির মুখে হাসি

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০১:৪৭ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার স্বপ্নটা চোটের কারণে পূরণ হয়নি সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ইয়োহান মানজাম্বির। তবে ম্যাচ শেষে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া একটি জার্সি তার হতাশাকে আনন্দে বদলে দেয়।

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে উদযাপনের মধ্যেই মেসির সঙ্গে দেখা করার সুযোগ পান মানজাম্বি। আর্জেন্টিনা অধিনায়কের কাছে একটি জার্সি চাইলে তাকে নিরাশ করেননি আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। নিজের ম্যাচজার্সি উপহার দেন মেসি।

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মানজাম্বি। চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে বাঁ হাঁটুর চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারেননি। গ্যালারি থেকেই দলের বিদায় দেখতে হয়েছে তাকে।

ম্যাচ শেষে মেসির কাছ থেকে পাওয়া জার্সি নিয়েই হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন সুইস এই ফরোয়ার্ড।

এদিকে ইতালির কিংবদন্তি ফুটবলার রবার্তো বাজ্জিওও ম্যাচ শেষে মেসির কাছ থেকে একটি জার্সি উপহার পেয়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ধন্যবাদ লিও, তোমার মূল্যবান উপহার এবং ভালোবাসার জন্য। তোমাকে ভালোবাসি বন্ধু।

মেসি ও বাজ্জিওর সম্পর্কের সূচনা অবশ্য অনেক আগেই। ২০১০ সালে বার্সেলোনার তৎকালীন কোচ পেপ গার্দিওলার উদ্যোগেই প্রথমবারের মতো তাদের সাক্ষাৎ হয়। গার্দিওলা ২০০১-০২ মৌসুমে ইতালির ক্লাব ব্রেসিয়ায় বাজ্জিওর সতীর্থ ছিলেন।

আরও পড়ুন
argentian

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী।       

আরটিভি/এসকে