মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১১:২৫ এএম
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার প্রতিপক্ষ বা ম্যাচ নিয়ে নয়, বিশ্বকাপজুড়ে দলের বেজ ক্যাম্প হিসেবে ব্যবহৃত কানসাস সিটিকে বিদায় জানিয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!
মেসির এই সংক্ষিপ্ত বার্তায় ফুটে উঠেছে বিশ্বকাপ অভিযানের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি। বিশ্বকাপ শুরুর আগে থেকেই কোচ লিওনেল স্কালোনির দল কানসাস সিটিকে নিজেদের প্রস্তুতির ঘাঁটি হিসেবে বেছে নিয়েছিল। গ্রুপ পর্বে বিভিন্ন শহরে ম্যাচ খেললেও প্রতিটি ম্যাচ শেষে দলটি আবার কানসাসে ফিরে এসে অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে যায়।
তবে নকআউট পর্বে বদলে যায় সেই রুটিন। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা দল মায়ামিতে অবস্থান করে। এরপর মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। একবার কানসাসে ফিরে এলেও এবার আনুষ্ঠানিকভাবে সেই অধ্যায়ের ইতি টানল আলবিসেলেস্তেরা।
কানসাসে শেষ দিনের অংশ হিসেবে দলের ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজন করা হয়। এরপরই সেমিফাইনালের ভেন্যুর উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেয় পুরো দল।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক না কেন, আর্জেন্টিনা আর কানসাস সিটিতে ফিরবে না। বিশ্বকাপের শেষ দুই ম্যাচের জন্য তাদের পরবর্তী গন্তব্য হবে নতুন শহর। আর সেই যাত্রার আগে মেসির বিদায়ী বার্তা যেন স্মরণীয় হয়ে থাকল আর্জেন্টিনা দলের বিশ্বকাপ অভিযানের এক বিশেষ ঠিকানাকে।
আরটিভি/এসকে