মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১১:৪৩ এএম
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তিনি বলেছেন, মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তবে আর্জেন্টাইন অধিনায়কের উপস্থিতিতে ভীত নয় ইংল্যান্ড। নিজেদের সামর্থ্য, ভারসাম্য ও দলীয় ঐক্যের ওপরই পূর্ণ আস্থা রাখছে দল।
বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ সামনে রেখে মাঠে নামবে টমাস টুখেলের শিষ্যরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নের জবাবে পিকফোর্ড বলেন, মেসিকে নিয়ে সবাই কথা বলবে, কারণ সে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা। কিন্তু আমাদের স্কোয়াডে যে সামর্থ্য ও প্রতিভা আছে, সেটাও ভুলে গেলে চলবে না। আক্রমণভাগ, রক্ষণভাগ, দলীয় ঐক্য সবই আমাদের আছে। বুধবার মাঠে সেটাই প্রমাণ করতে হবে।
ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথ ঘিরে অতীতের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রসঙ্গকে গুরুত্ব দিতে চান না এই গোলরক্ষক। তার মতে, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।
পিকফোর্ড বলেন, এটা শুধু একটি ফুটবল ম্যাচ। আমাদের পুরো মনোযোগ ইংল্যান্ডকে নিয়েই। নিজেদের সেরাটা খেলেই আরেকটি শক্তিশালী দলকে হারাতে চাই। লক্ষ্য একটাই ফাইনালে ওঠা।
ম্যাচ অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউটে গড়ালেও প্রস্তুত ইংল্যান্ড। এ বিষয়ে পিকফোর্ড বলেন, ৯০ মিনিট, ১২০ মিনিট কিংবা পেনাল্টি যে পরিস্থিতিই আসুক, আমরা প্রস্তুত। শেষ পর্যন্ত কে জিতবে, সেটাই দেখা যাবে। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনালে একদিকে যেমন থাকবেন লিওনেল মেসি, অন্যদিকে বহু বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। তাই ফাইনালের টিকিটের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।
আরটিভি/এসকে