images

খেলা / ফুটবল

সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স শিবির

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:৪৯ পিএম

সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপে এবং মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি দুজনকেই স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাচ্ছে বলে নিশ্চিত করেছেন কোচ দিদিয়ের দেশম।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে এমবাপেকে অনুশীলনে না দেখা যাওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই উদ্বেগ উড়িয়ে দিয়ে দেশম জানিয়েছেন, ফরাসি অধিনায়ক পুরোপুরি খেলতে প্রস্তুত।

দেশম বলেন, কিলিয়ান ঠিক আছে। সে অনুশীলনও করেছে। ২০ মিনিটের পরিবর্তে তাকে ১০ মিনিটের ড্রিল সেশনের অনুমতি দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চোটের কারণে শেষ দুই ম্যাচে বেঞ্চে থাকা মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনিও সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত। যদিও তিনি এখনও শতভাগ ফিট নন, তবুও তাকে দলে রাখার বিষয়ে আশাবাদী ফরাসি কোচ।

দেশম বলেন, গত ম্যাচে তাকে খেলানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এখন সে আগের চেয়ে ভালো আছে, যদিও এখনও পুরোপুরি ফিট বলা যাবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারবে।

চুয়ামেনির ফেরায় ফ্রান্সের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। স্পেনের বল দখলভিত্তিক ফুটবল মোকাবিলায় তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্পেনের খেলার ধরন নিয়ে দেশম বলেন, তারা বল নিয়ন্ত্রণে খুবই দক্ষ। আমাদেরও দ্রুত কাউন্টার অ্যাটাক, পজেশন ধরে রাখা এবং শক্তিশালী রক্ষণভাগ রয়েছে। ম্যাচের গতিপ্রকৃতিই সবকিছু নির্ধারণ করবে।

এদিকে, চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন এমবাপে। ফলে স্পেনের বিপক্ষে তার উপস্থিতি ফ্রান্সের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স। তবে অতীতের ফলাফল নিয়ে ভাবতে রাজি নন দেশম।

আরও পড়ুন
france-vs-spain

মোবাইলে যেভাবে দেখবেন ফ্রান্স-স্পেনের সেমিফাইনাল

তার ভাষায়, সেই ম্যাচগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করার সুযোগ নেই। এখন খেলোয়াড়, ফর্ম ও বাস্তবতা সবই আলাদা। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামনের ম্যাচটি।

আরটিভি/এসকে