মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১১:১৭ পিএম
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ম্যাচটির জন্য মার্কিন রেফারি ইসমাইল এলফাথকে দায়িত্ব দিয়েছে ফিফা। এই নিয়োগ পরপরই উত্তাল হয়ে উঠেছে ইংলিশ গণমাধ্যম। তাদের দাবি, ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারিই পেয়েছেন লিওনেল মেসি।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম ডেইলি মেইলের শিরোনাম, ‘মেসি বিশ্বকাপ সেমিফাইনালের জন্য তার পছন্দের রেফারি পেয়েছেন।’ যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছে, কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ ছিলেন চতুর্থ কর্মকর্তা। এরপর মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ক্লাব ইন্টার মায়ামির কয়েকটি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে এই যুক্তি নিয়ে প্রশ্নও উঠেছে। কারণ কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ মূল রেফারি ছিলেন না, ছিলেন চতুর্থ রেফারি। অন্যদিকে মেসির সঙ্গে তার যোগসূত্র বলতে ইন্টার মায়ামির কিছু ম্যাচে দায়িত্ব পালন করা, যেখানে আর্জেন্টাইন তারকা মাঠে ছিলেন। যদিও এতে পছন্দের বিশেষ কারণ স্পষ্ট হয়নি।
এদিকে ইংল্যান্ডের আরেক সংবাদমাধ্যম দ্য সানও বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে। তারা ইংল্যান্ডকে আর্জেন্টিনার কথিত ‘ডার্ক আর্টস’ বা কৌশলী খেলার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছে এবং রেফারির বিষয়টিও আলোচনায় এনেছে।
অন্যদিকে ডেইলি মিরর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বক্তব্য সামনে এনেছে। তবে ইংল্যান্ডের এই গোলরক্ষক রেফারি নিয়ে বিতর্কে না গিয়ে বলেছেন, ‘ফুটবলই সব কথা বলবে। আর রেফারিদের কাজ হলো তাদের দায়িত্ব পালন করা।’
তবে ইংলিশ গণমাধ্যমের অভিযোগের বিপরীতে আরেকটি তথ্য সামনে এনেছে ফুটবল৩৬৫। তাদের মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে কম হলুদ ও লাল কার্ড পেয়েছে। ফলে আর্জেন্টিনার ‘ডার্ক আর্টস’ বা প্রতিপক্ষকে বিরক্ত করা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, সেটির সঙ্গে পরিসংখ্যান পুরোপুরি মেলে না।
আরটিভি/ এসকেডি