বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০১:১৭ পিএম
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় সুখবর পেয়েছে ইংল্যান্ড। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার ডেক্লান রাইস পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় তাকে প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে শুরু থেকেই মাঠে নামতে পারেন রাইস। যদিও ম্যাচের আনুষ্ঠানিক একাদশ এখনও ঘোষণা করেনি ইংল্যান্ড।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের সময় পাকস্থলীর সমস্যায় ভুগতে শুরু করেন রাইস। ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল জানান, অসুস্থতার কারণে কোয়ার্টার ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেও উঠতে পারেননি এই মিডফিল্ডার। চিকিৎসকদের পরামর্শে নরওয়ের বিপক্ষে তাকে মাত্র ৪৫ মিনিট খেলানো হয়।
নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া জয়ের ম্যাচে রাইস মাঠে থাকতে চাইলেও সম্ভাব্য ১২০ মিনিটের কথা মাথায় রেখে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন টুখেল।
ম্যাচ শেষে ইংল্যান্ড কোচ বলেন, আমরা জানতাম ডেক্লান কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করছে। সে আরও খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়াত, তাহলে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারত। তাই তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়েছে।
এরপর সোমবার কানসাস সিটিতে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ডেক্লান রাইস। ক্লোজড-ডোর সেই অনুশীলন শেষে ইংল্যান্ড শিবির নিশ্চিত করেছে, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে খেলার জন্য তিনি এখন সম্পূর্ণ ফিট।
রাইসের ফিরে আসা ইংল্যান্ডের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কঠিন এই সেমিফাইনালে তার উপস্থিতি ইংলিশদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে।
আরটিভি/এসকে