images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০১:৩৮ পিএম

আর মাত্র একটি ম্যাচের জয়। তাতেই মিলবে স্বপ্নের ফাইনালের টিকিট। শিরোপা ধরে রাখার মিশন থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই স্বপ্নপূরণের পথে এবার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী ইংল্যান্ড। আজ রাতের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা এখন তুঙ্গে।

ম্যাচ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। অপটার হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংল্যান্ডের সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৬ শতাংশ। ব্যবধান খুবই সামান্য হলেও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে থ্রি-লায়ন্সরা।

সুপারকম্পিউটারের বিশ্লেষণে আরও বলা হয়েছে, নির্ধারিত ৯০ মিনিটেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ। আর ম্যাচটি যদি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়, সেই সম্ভাবনা ২৯.৭ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, সম্ভাব্য শিরোপা জয়েও ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখছে অপটার পূর্বাভাস। তাদের হিসেবে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

দুই দলের বিশ্বকাপ ইতিহাসও বেশ রোমাঞ্চকর। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড, আর দুইবার জিতেছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার একটি জয় এসেছে টাইব্রেকারে, আর ১৯৮৬ সালের ঐতিহাসিক ম্যাচটি "হ্যান্ড অব গড" ও "গোল অব দ্য সেঞ্চুরি"র কারণে ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

আরও পড়ুন
ARGENTINA

ইংল্যান্ড ম্যাচের আগে দুশ্চিন্তা আর্জেন্টিনা দলে

সব মিলিয়ে, পরিসংখ্যান ইংল্যান্ডের দিকে সামান্য ঝুঁকে থাকলেও মাঠের লড়াইয়ে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। তাই কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন এই হাইভোল্টেজ সেমিফাইনালের দিকেই।

আরটিভি/এসকে