images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০২:০০ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দক্ষিণ আমেরিকার ফুটবলভিত্তিক ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।

আরমাসের দাবি, আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই হবে অত্যন্ত হাড্ডাহাড্ডি। নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও কোনো দল জয়ের ব্যবধান গড়ে তুলতে পারবে না। তার মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।

সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ জুন করা একটি পুরোনো পোস্টের কথা স্মরণ করিয়ে দেন তিনি। ওই পোস্টে আরমাস লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

পুরোনো সেই পোস্ট উদ্ধৃত করে তিনি লেখেন, ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে, আমরা টাইব্রেকারে যাচ্ছি।

তবে ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয় পাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি এই জ্যোতিষী। তার ভাষ্য, দুই দলের শক্তির পার্থক্য খুবই কম, তাই আগাম বিজয়ী নির্ধারণ করা কঠিন।

এদিকে এক সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, আর্জেন্টিনা অধিনায়ক এবং চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আরমাস বলেন, আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন
ARG-VS-ENG

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার

উল্লেখ্য, অতীতে কোলো-কোলো, আলিয়ানজা লিমা, অলিম্পিয়া, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন জর্জিও আরমাস। তবে জ্যোতিষভিত্তিক এসব পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মাঠের ফলাফল শেষ পর্যন্ত নির্ধারিত হবে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ম্যাচের বাস্তব ঘটনাপ্রবাহের ওপর।

আরটিভি/এসকে