images

খেলা / ফুটবল

কেইন-বেলিংহ্যামের স্টিকার ফ্রিজে রাখলেই থেমে যাবে তাদের খেলা

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০২:২০ পিএম

সেমিফাইনালের উত্তেজনা মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে মানসিক লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার অনেক সমর্থক এবার ভরসা করছেন এক অদ্ভুত কুসংস্কারে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের স্টিকার বা ছবি ফ্রিজে রেখে তাদের পারফরম্যান্স জমিয়ে দেওয়ার বিশ্বাসে মেতেছেন তারা।  

বুয়েনস আইরেসের তরুণ সমর্থক ইনেস মুত্রি জানান, পুরো বিশ্বকাপজুড়েই তিনি ও তার বন্ধুরা প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড় এবং গোলরক্ষকের ছবি বা স্টিকার একই কাগজে এঁকে একটি গ্লাসে রেখে ফ্রিজারে জমিয়ে রাখেন। তাদের বিশ্বাস, এতে প্রতিপক্ষের তারকা ফুটবলারদের মাঠের জাদু কাজ করবে না।

অন্য সমর্থক হুয়ান পাবলো মনসালভোও একই বিশ্বাসে এবার ফ্রিজে রাখতে যাচ্ছেন ইংল্যান্ডের মিডফিল্ড তারকা জুড বেলিংহ্যামের স্টিকার। তার ভাষায়, বেলিংহ্যাম বর্তমানে ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড়। তাই ম্যাচের আগে তাকে "ফ্রিজ" করাই সৌভাগ্যের অংশ।

শুধু স্টিকার ফ্রিজে রাখাই নয়, অনেক সমর্থক নিজেদের সৌভাগ্যের রুটিনও বদলাতে রাজি নন। হুয়ান ইগনাসিও কালভো জানান, গ্রুপ পর্বে তিনি ২০১৪ সালের আর্জেন্টিনার জার্সি পরেছিলেন। নকআউট পর্বে অন্য একটি জার্সি ব্যবহার করলেও সেমিফাইনালে তিনি পরবেন তার বাবার পুরোনো আর্জেন্টিনা জার্সি যে জার্সি পরে ২০২২ বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করেছিলেন।

তার বিশ্বাস, সেই জার্সিই আবারও দলকে সৌভাগ্য এনে দেবে।

আরও পড়ুন
kane-nd-messi

আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

মাঠের লড়াই শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। তবে আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, তাদের প্রার্থনা, কুসংস্কার আর সৌভাগ্যের রীতিই ইংল্যান্ডের তারকাদের ছন্দ থামিয়ে দিতে পারে। বাস্তবে এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও, বিশ্বকাপের আবেগে এমন নানা রীতি ও কুসংস্কার ফুটবল সমর্থকদের কাছে নতুন কিছু নয়।

আরটিভি/এসকে