বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১১:৫৫ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা ‘বিশেষ সুবিধা’ ও ‘ফিফার পক্ষপাত’ বিতর্কের জবাব দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তার ভাষ্য, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে আর্জেন্টিনার সাফল্য কোনো ভাগ্য বা বিশেষ সুবিধার ফল নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন।
বিশ্বকাপ শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে অভিযোগ ওঠে, ফিফা নাকি আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে এবং রেফারিং ও ভিএআরের কিছু সিদ্ধান্ত আলবিসেলেস্তেদের পক্ষেই গেছে। বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসিকে ঘিরে একটি বিতর্কিত সিদ্ধান্ত এবং মিশর-সুইজারল্যান্ড ম্যাচের ভিএআর ইস্যুর পর সেই আলোচনা আরও জোরালো হয়।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেসি। এনডিটিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কারও খারাপ লাগলে লাগুক। গত চার বছর ধরে আমরাই সেরা দল। কেউ পছন্দ করুক বা না-ই করুক, বাস্তবতা বদলাবে না। আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে জায়গা করে নিয়েছি। এটিই প্রমাণ করে, আমাদের অর্জন কোনো ভাগ্যের ফল নয়, কেউ আমাদের কিছু উপহারও দেয়নি।”
বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও শেষ দিকে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলকে জয় এনে দেন।
মেসি বলেন, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে। আমাদের দল সেটাই করে দেখিয়েছে। যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে নানা রকম কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন বড় ম্যাচে অনেক কিছুই ঘটে, ইতিহাসও তৈরি হয়।
সেমিফাইনালের এই জয়টি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন মেসি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার স্মরণীয় পারফরম্যান্সের কথা স্মরণ করে তিনি বলেন,নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই মুহূর্তটা উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্যও খুব বিশেষ। তাকে এই আনন্দ উপহার দিতে পেরে আমরা গর্বিত। তিনি যেভাবেই থাকুন না কেন, ওপর থেকে নিশ্চয়ই এটি উপভোগ করছেন। এই জয় তার জন্যও একটি উপহার।
বিশ্বকাপের ফাইনালে ওঠার পরও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামেনি। তবে মেসির দাবি, মাঠের পারফরম্যান্সই সব প্রশ্নের জবাব দিয়েছে এবং তাদের সাফল্য কোনোভাবেই বিশেষ সুবিধার ফল নয়।
আরটিভি/এসকে