শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:০০ পিএম
বিশ্বকাপের ফাইনালের আগে একের পর এক সমস্যার মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রোববার (১৭ জুলাই) নিউ ইয়র্কে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ম্যাচের আগে যাত্রা ও অনুশীলন দুই ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছে দলটি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আটলান্টা থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল আর্জেন্টিনার চার্টার ফ্লাইটের। কিন্তু হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ভারী বৃষ্টির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, রাত ৮টার পর আকাশে উড়তে সক্ষম হয় দলটি।
নিউ ইয়র্কে পৌঁছানোর পরও শেষ হয়নি দুর্ভোগ। কানাডার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া নিউ ইয়র্ক, নিউ জার্সি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় অনুশীলন পরিবেশও হয়ে উঠেছে প্রতিকূল। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, আর স্থানীয় কর্তৃপক্ষ বায়ুমানের অবনতির কারণে সতর্কতা জারি করেছে।
বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম ধূলিকণার মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দরজা-জানালা বন্ধ রাখা এবং প্রয়োজন হলে এয়ার ফিল্টার ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এই প্রতিকূল পরিস্থিতি শুধু আর্জেন্টিনার জন্য নয়। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেনকেও একই পরিবেশে প্রস্তুতি চালিয়ে যেতে হচ্ছে। ফলে দুই দলের অনুশীলন ও ম্যাচ-পূর্ব প্রস্তুতিতেই এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরই মধ্যে কিছুটা স্বস্তির খবরও মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেল থেকে বাতাসের দিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হলে দাবানলের ধোঁয়া কমে গিয়ে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। এতে ফাইনালের আগে দুই দলই তুলনামূলক ভালো পরিবেশে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করার সুযোগ পাবে।
আরটিভি/এসকে