images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা না স্পেন কে হবে চ্যাম্পিয়ন, জানাল ব্রাজিলের জাগুয়ার

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:০৬ পিএম

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন চরমে।  রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম জানিয়েছে ব্রাজিলের একটি জাগুয়ার।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বায়ো পার্কে থাকা জাগুয়ারটির নাম ‘পটি’। ফাইনালের সম্ভাব্য বিজয়ী নির্ধারণে তার সামনে আর্জেন্টিনা ও স্পেনের পতাকা লাগানো দুটি পৃথক বক্স রাখা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ঘ্রাণ নেওয়ার পর পটি আর্জেন্টিনার পতাকাবাহী বক্সটি বেছে নেয়। আয়োজকদের দাবি, এর মাধ্যমে জাগুয়ারটি ইঙ্গিত দিয়েছে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা।

ফুটবল ম্যাচের ফল অনুমানে প্রাণীদের ব্যবহার অবশ্য নতুন কোনো বিষয় নয়। ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনায় আসে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নানা দেশের চিড়িয়াখানা ও বন্যপ্রাণী পার্কে প্রাণীদের দিয়ে প্রতীকী ভবিষ্যদ্বাণীর আয়োজন করা হয়ে আসছে।

চলতি বিশ্বকাপেও এমন উদ্যোগ দেখা গেছে। এর আগে ব্রাজিলের একটি হাঙর ‘রিতিনিয়া’ কয়েকটি ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে আলোচনায় আসে। এছাড়া মেক্সিকোর কয়েকটি প্রাণী উদ্যানে হাতি, গরিলা ও জেব্রার মাধ্যমেও বিভিন্ন ম্যাচের প্রতীকী ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ভবিষ্যদ্বাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলো মূলত দর্শক ও ফুটবলপ্রেমীদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই আয়োজন করা হয়। তারপরও বড় টুর্নামেন্টের আগে এমন ব্যতিক্রমী আয়োজন সমর্থকদের আগ্রহ ও কৌতূহল বাড়িয়ে তোলে।

আরও পড়ুন
argentina

ফাইনালের আগে বিপাকে আর্জেন্টিনা, ব্যাহত প্রস্তুতি

এদিকে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা ও স্পেন দুই দলই রয়েছে দুর্দান্ত ছন্দে। তাই ফাইনালে কে শেষ হাসি হাসবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্রাজিলের জাগুয়ার ‘পটি’ আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও, তার ভবিষ্যদ্বাণী সত্যি হবে নাকি শিরোপা উঠবে স্পেনের হাতে তার উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশি বাজার পর।

আরটিভি/এসকে