শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:১৩ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ শাস্তি পেলেও বর্তমানে তার ওপর আর কোনো কার্যকর নিষেধাজ্ঞা নেই। আইসিসি জানিয়েছে, মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার শর্তে তার তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাস করা হয়েছে। ফলে স্বেচ্ছায় নেওয়া সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এখন তিনি খেলতে পারবেন।
শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে আইসিসি জানায়, নওয়াজের তিন মাসের নিষেধাজ্ঞা ২০২৬ সালের ১ মে থেকে কার্যকর ধরা হলেও অভিযোগ স্বীকার এবং আইসিসি অনুমোদিত পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় শাস্তির মেয়াদ কমিয়ে এক মাস করা হয়েছে।
আইসিসির ভাষ্য অনুযায়ী, নওয়াজ প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তার শরীরে শনাক্ত হওয়া নিষিদ্ধ উপাদানটি প্রতিযোগিতার বাইরে গ্রহণ করা হয়েছিল এবং সেটি পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। এ কারণে আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালার আওতায় তাকে পুনর্বাসন কর্মসূচির সুযোগ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের পর নেওয়া ডোপ পরীক্ষাকে কেন্দ্র করে। পরীক্ষায় নওয়াজের নমুনায় ‘কারবক্সি টিএইচসি’ নামের একটি নিষিদ্ধ উপাদান শনাক্ত হয়, যা আইসিসির অ্যান্টি-ডোপিং কোডে ‘সাবস্ট্যান্স অব অ্যাবিউজ’ হিসেবে তালিকাভুক্ত।
আইসিসি জানিয়েছে, নওয়াজ ইতোমধ্যে আড়াই মাসের বেশি সময় স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। ফলে বর্তমানে তার ওপর আর কোনো কার্যকর নিষেধাজ্ঞা নেই। তবে নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে হবে। তা সম্পন্ন করতে পারলে তাকে আর অতিরিক্ত কোনো শাস্তি ভোগ করতে হবে না।
তবে এই ঘটনার প্রভাব পড়েছে তার ব্যক্তিগত পরিসংখ্যানে। আইসিসির নিয়ম অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ডোপ পরীক্ষার পর থেকে ১ মে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগ পর্যন্ত তিনি যে ম্যাচগুলো খেলেছেন, সেসব ম্যাচে তার সব ব্যক্তিগত পরিসংখ্যান বাতিল করা হয়েছে। ওই সময়ে করা রান, নেওয়া উইকেটসহ সব অর্জন আইসিসির রেকর্ড থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো প্রথম জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বিনোদনমূলক মাদক ব্যবহারের অভিযোগে পজিটিভ টেস্ট করার পর তদন্তের মুখে পড়েছেন নওয়াজ। এর প্রভাব পড়ে তার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারেও। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার চুক্তি বাতিল হয়ে যায়। ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত সারের হয়ে খেলার কথা থাকলেও নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ হারান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাতটি ম্যাচেই খেলেছিলেন নওয়াজ। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে ২৯ এপ্রিল মাঠে নামেন তিনি। নিষেধাজ্ঞার সময় পাকিস্তানের কোনো সাদা বলের আন্তর্জাতিক সিরিজ না থাকায় জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ মিস করতে হয়নি তাকে। বর্তমানে পাকিস্তান দলে তিনি মূলত সাদা বলের বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবেই বিবেচিত।
এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আরটিভি/এসকে