শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:৩১ পিএম
বিশ্বকাপের ফাইনালের আগে সাবেক সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডি মারিয়া লেখেন, আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছি। আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে আর্জেন্টিনা আরেকটি ইতিহাসও গড়েছে। কোচ লিওনেল স্কালোনি কিংবদন্তি কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপে টানা দুইবার ফাইনাল খেলেছিল।
বর্তমান আর্জেন্টিনা দলকে প্রশংসায় ভাসিয়ে ডি মারিয়া আরও লেখেন, এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। আমি শুধু বলতে চাই, আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
২০২১ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে দারুণ আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ এই চারটি বড় টুর্নামেন্টের ফাইনালেই শিরোপা জিতেছে।
এই সাফল্যের প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার। বড় ম্যাচে গোল করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি আদায় এবং আক্রমণে নেতৃত্ব দিয়ে তিনি আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান এই কিংবদন্তি উইঙ্গার।
এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা আর্জেন্টিনা শিবিরে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সমর্থকরা।
আরটিভি/এসকে