শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:৩৭ পিএম
বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই সামনে এসেছে ট্রফি বহনের বিশেষ আয়োজন। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফিটি বিশেষভাবে তৈরি একটি লুই ভিটঁ ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির ফাইনাল ভেন্যুতে নিয়ে যাওয়া হবে।
বিশ্বকাপ ট্রফির জন্য বিলাসবহুল এই ট্রাঙ্কটি ডিজাইন করেছে ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিটঁ। ট্রাঙ্কটির সামনের অংশে রয়েছে সোনালি রঙের ‘V’ অক্ষর, যা ‘Victory’ (বিজয়) এবং ‘Vuitton’-কে নির্দেশ করে। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে ব্র্যান্ডটির ঐতিহ্যবাহী মনোগ্রাম প্যাটার্ন এবং সোনার প্রলেপ দেওয়া পিতলের কর্নার প্রোটেক্টর।
ট্রাঙ্কের অভ্যন্তর বেইজ রঙের চামড়া দিয়ে মোড়ানো হয়েছে। পাশাপাশি লুই ভিটঁ ও ফিফার অংশীদারিত্বের স্মারক হিসেবে এতে একটি বিশেষ প্যাচও সংযুক্ত করা হয়েছে।
সাধারণত মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। শুধুমাত্র বিশেষ আনুষ্ঠানিকতা ও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এটি বাইরে আনা হয়।
এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফির জন্য বিশেষ ট্রাঙ্ক তৈরি করল লুই ভিটঁ। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপেও ট্রফি বহনের জন্য ট্রাঙ্ক ডিজাইন করেছিল প্রতিষ্ঠানটি।
বিশ্বকাপের ফাইনালে ট্রফির এই বিশেষ আগমন বরাবরের মতোই জমকালো আয়োজনের অংশ হতে যাচ্ছে, যেখানে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে সোনালি ট্রফিটির দিকে।
আরটিভি/এসকে