শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৫:৩২ পিএম
ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠাই যেকোনো জাতীয় দলের জন্য গৌরবের অর্জন। আর টানা দুই আসরে ফাইনালে খেলার কীর্তি আরও বিরল। তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এমন দুটি দল রয়েছে, যারা পরপর দুইবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি। দল দুটি হলো নেদারল্যান্ডস ও পশ্চিম জার্মানি।
১৯৭০-এর দশকে ইয়োহান ক্রুইফের নেতৃত্বে ‘টোটাল ফুটবল’এর মাধ্যমে বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করেছিল নেদারল্যান্ডস। দুর্দান্ত ফুটবল খেলেও টানা দুই বিশ্বকাপ ফাইনালে হতাশ হতে হয় ডাচদের।
১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক পশ্চিম জার্মানির বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ইয়োহান নেস্কেন্স। তবে পল ব্রাইটনার ও গের্ড মুলারের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় পশ্চিম জার্মানি।
চার বছর পর ১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপেও ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। ইয়োহান ক্রুইফকে ছাড়াই ফাইনালে ওঠা ডাচরা নিয়মিত সময়ের শেষদিকে রব রেনসেনব্রিঙ্কের শট পোস্টে লাগায়। পরে ডিক নানিঙ্গার সমতাসূচক গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে স্বাগতিক আর্জেন্টিনা।
এর এক দশক পর একই অভিজ্ঞতার মুখোমুখি হয় পশ্চিম জার্মানি। ১৯৮২ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির কাছে ৩-১ গোলে হেরে যায় জার্মানরা। ইতালির হয়ে পাওলো রসি দুর্দান্ত পারফরম্যান্সে দলকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন। জার্মানির একমাত্র গোলটি করেন পল ব্রাইটনার।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপেও ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি। দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও কার্ল-হাইনৎস রুমেনিগে ও রুডি ফোলারের গোলে সমতায় ফেরে তারা। কিন্তু ৮৪তম মিনিটে হোর্হে বুরুচাগার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা, আর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে হারতে হয় জার্মানদের।
তবে পরপর দুই ফাইনালে ব্যর্থ হলেও পশ্চিম জার্মানি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ১৯৯০ সালের বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে আবারও আর্জেন্টিনার মুখোমুখি হয় তারা। এবার আর ভুল করেনি জার্মানরা। ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে পুনরুদ্ধার করে বিশ্বকাপের শিরোপা।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত নেদারল্যান্ডস ও পশ্চিম জার্মানিই একমাত্র দুটি দল, যারা টানা দুইবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। তবে জার্মানি পরবর্তীতে সেই আক্ষেপ ঘুচিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
আরটিভি/এসকে