শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৬:৩৭ পিএম
ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে নেপাল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্বাগতিকদের ২৫-২০ পয়েন্টে হারিয়েছে সফরকারী নেপাল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল তারা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই ম্যাচে এক পর্যায়ে নেপাল কিছুটা এগিয়ে গেলেও, প্রথমার্ধ শেষে ১৪-১১ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিক দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও পরে আবার খেলায় ফিরে আসেন।
তবে বিরতির পর খেলার মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে নেপাল কৌশলী হয়ে ওঠে। শ্রাবনী অল আউট করতে গিয়ে সুপার ট্যাকলের শিকার হলে দুই পয়েন্ট আদায় করে নেয় নেপাল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। নেপাল ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখে শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী।
ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং নতুন কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
গতকাল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালকে ৩৪-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে হারায় সিরিজ এখন বেশ জমে উঠেছে। খেলোয়াড়দের বিশ্রামের জন্য আগামীকাল কোনো খেলা নেই। সিরিজের বাকি তিনটি ম্যাচ যথাক্রমে ২০, ২১ এবং ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসকে