শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৭:৫২ পিএম
বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের পাশাপাশি সাবেক তারকা ফুটবলাররাও নিজেদের মতামত জানাচ্ছেন। কেউ আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, আবার কেউ বাজি ধরছেন স্পেনের ওপর।
সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতন ইব্রাহিমোভিচের বিশ্বাস, ফাইনালে আধিপত্য দেখাবে স্পেন। পুরো টুর্নামেন্টে লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসা করলেও শিরোপার দৌড়ে আর্জেন্টিনার চেয়ে স্পেনকেই এগিয়ে রাখছেন তিনি।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ফ্রান্সের বিপক্ষে স্পেন দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনার বিপক্ষেও তারা একই ধরনের ফুটবল খেলবে। তারা বলের দখল ধরে রেখে নিজেদের খেলাটা খেলতে পারে। আমার বিশ্বাস, ফাইনালে স্পেনই আধিপত্য দেখাবে।
ইব্রাহিমোভিচের সঙ্গে একমত হয়েছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েনও। তার মতে, আর্জেন্টিনা সেমিফাইনালে কিছুটা ভাগ্যের সহায়তা পেলেও স্পেন পুরো টুর্নামেন্টজুড়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
ওয়েন বলেন, স্পেন ফ্রান্সের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ফুটবল সত্যিই প্রশংসার দাবিদার। আমার কাছে আর্জেন্টিনার চেয়ে স্পেনই এগিয়ে। আশা করছি, এবার বিশ্বকাপ তারাই জিতবে এবং সেটাই হবে প্রাপ্য ফল।
অন্যদিকে, আর্জেন্টিনার ওপর আস্থা রেখেছেন কোস্টারিকার সাবেক গোলরক্ষক কাইলর নাভাস। তার মতে, ফাইনাল হবে সমানে সমান লড়াই, তবে লিওনেল মেসির উপস্থিতিই পার্থক্য গড়ে দিতে পারে।
নাভাস বলেন, দুই দলের মধ্যে কাউকে এগিয়ে রাখা কঠিন। ফাইনালটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে যদি একটি দল বেছে নিতে হয়, আমি আর্জেন্টিনাকেই বেছে নেব। কারণ তাদের দলে মেসি আছে।
এদিকে ফুটবলবিশ্ব এখন অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চে শেষ হাসি হাসবে কি মেসির আর্জেন্টিনা, নাকি শিরোপা জিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে স্পেন।
আরটিভি/এসকে