images

খেলা / অন্যান্য

২৭ ক্রীড়া ফেডারেশনে নতুন কমিটি, ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৮:৫০ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের ২৬টি ক্রীড়া ফেডারেশন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাসহ মোট ২৭টি ক্রীড়া সংগঠনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। একই সঙ্গে এসব কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার পরিবর্তনের পর ক্রীড়া ফেডারেশনগুলোর নেতৃত্বে পরিবর্তনের ধারাবাহিকতায় এই পুনর্গঠন করা হলো। ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি পুনর্গঠনের পর থেকেই অন্যান্য ফেডারেশনের কমিটি পরিবর্তনের আলোচনা চলছিল। অবশেষে বিশ্বকাপ ফাইনালের আগের দিন নতুন কমিটিগুলো প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে। বর্তমানে সক্রিয় গ্র্যান্ডমাস্টার হওয়ায় প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার অংশগ্রহণের সুযোগ সীমিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলকে। তিনি বর্তমানে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ারও সভাপতি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক আর্চার তানভীর আহমেদ।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক ইসতিয়াক সাদেক। অন্যদিকে তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন মাহমুদুল ইসলাম রানা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করেছে।

এ ছাড়া কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। সাবেক শুটার শারমিন আক্তার রত্না বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েছেন।

বিভিন্ন ফেডারেশনের নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ভারোত্তোলনে এস এম কাজল, ব্যাডমিন্টনে হাসিবুর রহমান শাকিল, টেবিল টেনিসে সাইদুল হক সাদী, সাইক্লিংয়ে পারভেজ হাসান, জুডোতে নয়না চৌধুরী, অ্যাথলেটিকসে আলী ইমাম তপন এবং সাঁতার ফেডারেশনে সজল।

ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসনে গঠিত ২০ সদস্যের বিশেষ কমিটির কয়েকজন সদস্যকেও বিভিন্ন ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ঘোষিত নতুন কমিটির আওতায় আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, রেসলিং, কাবাডি, কারাতে, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, রাগবি, রোয়িং, শুটিং, সাইক্লিং, সাঁতার, হকি, হ্যান্ডবল, উশু, খো খো, ক্যারম এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাসহ মোট ২৭টি সংগঠন অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুন
SPAIN

টানা ৩৭ ম্যাচে অপরাজিত স্পেন

তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিটির কয়েকজন কর্মকর্তাকে নতুন কমিটিতেও বহাল রাখা হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জিমন্যাস্টিকস, বক্সিং ও উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে আগের দায়িত্বশীলদেরই রাখা হয়েছে।

আরটিভি/এসকে