রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৮:৫৪ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াই এখন জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
বর্তমানে এমবাপ্পের ঝুলিতে রয়েছে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি করেছেন ৮ গোল, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আপাতত দুই গোলের ব্যবধানে এগিয়ে আছেন ফরাসি তারকা।
ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স শুধু গোল্ডেন বুটের লড়াইকেই আরও রোমাঞ্চকর করেনি, একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসেও নতুন মাইলফলক গড়েছেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
এ অবস্থায় গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে অন্তত দুই গোল করতে হবে মেসিকে। সেক্ষেত্রে দুই তারকার গোলসংখ্যা সমান হবে ১০। তবে গোল সমান হলে অ্যাসিস্ট, মাঠে কাটানো সময়সহ ফিফার নির্ধারিত টাইব্রেকার বিবেচনায় বিজয়ী নির্ধারণ করা হবে। যেহেতু বর্তমানে দুইজনেরই অ্যাসিস্ট সমান ৪টি, তাই মেসির জন্য চ্যালেঞ্জ আরও কঠিন।
ফলে বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের ম্যাচই নয়, ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়েও পরিণত হয়েছে। একদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে গোল্ডেন বুটের সম্ভাবনা দুই লক্ষ্য নিয়েই মাঠে নামবেন লিওনেল মেসি। আর ফুটবলপ্রেমীদের চোখ থাকবে, তিনি শেষ ম্যাচে ইতিহাস গড়তে পারেন কি না।
আরটিভি/এসকে