images

খেলা / ফুটবল

মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১১:৩৯ এএম

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর ট্রফি মঞ্চে দাঁড়িয়ে অশ্রুসিক্ত লিওনেল মেসির ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরপরই শুরু হয়েছে একটাই প্রশ্ন আর্জেন্টিনার জার্সিতে এটাই কি মেসির শেষ ম্যাচ?

৩৯ বছর বয়সেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। ছয় নম্বর বিশ্বকাপ খেলতে নেমে তিনি করেন ৮ গোল, সঙ্গে ৪টি অ্যাসিস্ট। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সাফল্যের মূল চালিকাশক্তি ছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের সংগঠিত রক্ষণভাগের সামনে আর্জেন্টিনা কোনো অন-টার্গেট শটই নিতে পারেনি, ফলে শিরোপার স্বপ্ন ভেঙে যায় শেষ মুহূর্তে।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের আলোচনায় মেসির প্রশংসায় ভাসান সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি বলেন, এই বিশ্বকাপে আমরা মেসিকে মন ভরে উপভোগ করেছি। ট্রফি না জেতায় সে অবশ্যই কষ্ট পেয়েছে। কিন্তু সে অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট খেলেছে এবং একাই দলকে এতদূর টেনে এনেছে।

ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, কখনো মনে হয়েছে সে এই পৃথিবীরই কেউ নয়, আবার কখনো আমাদের মতোই রক্ত-মাংসের একজন মানুষ। এটাই মেসির সৌন্দর্য।

সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও মনে করেন, মেসির পারফরম্যান্স কোনোভাবেই ফাইনালের ফলাফলে ম্লান হয়ে যায় না। তার ভাষায়, মেসির বিপক্ষে বাজি ধরা যায় না। আর্জেন্টিনাকে হারাতে হলে স্পেনের মতো একটি দলই প্রয়োজন ছিল।

মেসির কান্নার প্রসঙ্গ টেনে অঁরি বলেন, যারা মনে করেন এই বয়সে তার জয়ের ক্ষুধা কমে গেছে, তারা শুধু তার চোখের জল দেখুক। এত কিছু জয়ের পরও দেশের জন্য এভাবে কাঁদা তার আবেগ ও ভালোবাসারই প্রমাণ।

ডেনমার্কের সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলও মনে করেন, একজন ফুটবলারের মূল্যায়ন শুধু বিশ্বকাপ দিয়ে করা ঠিক নয়। তার মতে, মেসি ফুটবলকে যা দিয়েছে, সেটাই তাকে সর্বকালের সেরাদের কাতারে নয়, সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

একই মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার অ্যালেক্সি লালাস ও ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার পিটার ক্রাউচ। লালাস বলেন, চ্যাম্পিয়নরা সবসময় জিততে চায়। আজকের হার তাকে কষ্ট দেবে, কিন্তু এই একটি ম্যাচ দিয়ে তার কিংবদন্তি মাপা যাবে না।

অন্যদিকে ক্রাউচের মন্তব্য, আজ স্পেনের হয়ে যারা বিশ্বকাপ জিতেছে, তাদের অনেকেই ছোটবেলায় মেসিকে দেখে অনুপ্রাণিত হয়েছে। যদি এটাই তার শেষ হয়, তাহলে আমরা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় জানাচ্ছি।

ফাইনালের পর মেসির অশ্রুসিক্ত ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরও পড়ুন
YAMAL-ND-TRUMP

যে কারণে ইয়ামালকে ট্রাম্পের পদক পরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

তাই প্রশ্নটা এখনো রয়ে গেছে এটাই কি মেসির শেষ? নাকি ফুটবল বিশ্ব আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে এই মহাতারকার জাদু দেখার সুযোগ পাবে? উত্তর সময়ই দেবে।

আরটিভি/এসকে