মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০২:৪২ পিএম
স্পেন অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পর মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় ছিল এনজো ফার্নান্দেজের লাল কার্ড ও ম্যাচ-পরবর্তী উত্তেজনা। তবে পুরস্কার বিতরণী শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় আরেকটি ভিন্ন ঘটনা।
স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে একটি সাধারণ সাদা পলিথিনের ব্যাগ হাতে দেখা যায়। ভিডিওতে মনে হচ্ছিল, তিনি যেন সেই ব্যাগেই বিশ্বকাপ ট্রফি বহন করছেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ দৃশ্য দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ মন্তব্য করেন, ম্যাচের আগে যে ট্রফি বিলাসবহুল লুই ভুইতোঁর বিশেষ ট্রাঙ্কে মাঠে আনা হয়েছিল, সেটিই কি না জয়ের পর একটি সাধারণ প্লাস্টিকের ব্যাগে বহন করা হচ্ছে! বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা, সমালোচনা ও হাস্যরস।
ভিডিওটি দেখে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। অনেকেই জানতে চান, সত্যিই কি কুকুরেয়া আসল বিশ্বকাপ ট্রফি এভাবেই নিয়ে যাচ্ছেন?
তবে পরে বিষয়টির আসল রহস্য সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, কুকুরেয়ার হাতে থাকা ব্যাগে আসল ফিফা বিশ্বকাপ ট্রফি ছিল না। সেখানে ছিল লেগো দিয়ে তৈরি বিশ্বকাপ ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা)।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি পরিষ্কার করে জানান যে, আসল বিশ্বকাপ ট্রফির ওজন ৬ কেজিরও বেশি। এত ভারী ট্রফি এমন পাতলা পলিথিনের ব্যাগে বহন করা বাস্তবসম্মত নয়। ফলে ভাইরাল ভিডিওটি ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটে।
যদিও ঘটনাটি ছিল একটি ভুল বোঝাবুঝি, তবুও কুকুরেয়ার সেই পলিথিনের ব্যাগ এখন ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপ-পরবর্তী অন্যতম আলোচিত ও ভাইরাল মুহূর্তে পরিণত হয়েছে।
আরটিভি/এসকে