images

খেলা / ফুটবল

বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৩:৩৩ পিএম

বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ-পরবর্তী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে একজন তদন্তকারীও নিয়োগ করা হয়েছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে খেলোয়াড়দের শাস্তির পাশাপাশি জরিমানাও গুনতে হতে পারে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্তে একজন তদন্তকারী নিয়োগ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্প্যানিশ খেলোয়াড়রা শিরোপা উদযাপনে মেতে ওঠেন। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে স্পেনের গাভি আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের কাছে গিয়ে কিছু মন্তব্য করেন। ঠিক কী বলা হয়েছিল তা জানা না গেলেও, সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন পারেদেস।

ক্ষোভের একপর্যায়ে পারেদেস গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মাঠে নেমে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে প্রবেশ করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি পারেদেসকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পরে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।

ঘটনার পর ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে আলোচনা করে রেফারি লিয়ান্দ্রো পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপ ফাইনাল শেষে এমন লাল কার্ডের ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরও পড়ুন
KUKURE

পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া

এখন ফিফার তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। তদন্তে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, জরিমানা বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরটিভি/এসকে