মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৩:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করার ঘটনায় তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন মেহেদী। তার ওই মন্তব্যের পর বিষয়টি বোর্ডের নজরে আসে।
বিসিবির এক কর্মকর্তা জানান, একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে শেখ মেহেদী সেই নিয়ম ভঙ্গ করেছেন কি না, তা খতিয়ে দেখতে তাকে শুনানিতে ডাকা হবে।
কর্মকর্তাটি বলেন, আমরা তাকে শুনানির জন্য ডাকব। কারণ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে মনে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেটও নিয়েছিলেন শেখ মেহেদী। তবে এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।
সিরিজ শেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের হতাশার কথা তুলে ধরেন এই অলরাউন্ডার।
মেহেদী বলেন, আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশিরভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারতাম।
এখন বিসিবির শুনানিতে শেখ মেহেদীর বক্তব্য শোনার পরই তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরটিভি/এসকে