images

খেলা / ফুটবল

পারেদেস-গাভির বক্সিং ম্যাচ দেখতে চান স্প্যানিশরা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৪:৩০ পিএম

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর স্পেনের উদযাপনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন হাস্যরস। ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে স্প্যানিশ সমর্থকরা এক অদ্ভুত উপায়ে ট্রল করেছে আর্জেন্টিনাকে।

বিশেষ করে মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ও তরুণ তুর্কি গাভির মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময় এবং সংঘাতের রেশ ধরে স্পেনের ভিক্টরি প্যারেডে দেখা গেছে এক ব্যঙ্গাত্মক ব্যানার।

ম্যাচ শেষে আর্জেন্টিনার হতাশা যখন মাঠের লড়াই ছাড়িয়ে হাতাহাতিতে রূপ নেয়, তখন পারেদেস চলে আসেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। স্পেনের সমর্থকরা এই ঘটনাকে হালকা করতে এবং মজার ছলে তার জবাব দিতে বেছে নেন ভিন্ন পথ। 

আরও পড়ুন
L_copy

বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা, তোপের মুখে স্প্যানিশ পাইলট

মাদ্রিদের সিবেলেস চত্বরে স্পেনের জয়োল্লাসে ফুটবলাররা যখন উন্মাদনায় মেতেছিলেন, তখন নক্ষত্রখচিত সেই বাসে নড়েচড়ে বসেন লামিনে ইয়ামালরা। সে সময় এক সমর্থকের হাতে থাকা বিশেষ ব্যানারটি নজর কাড়ে সবার। 

ব্যানারটির সামনের অংশে ইয়ামালের ছোট ভাই কেইন-এর ছবি থাকলেও, উল্টো পিঠে লেখা ছিল এক মজার বার্তা। সেখানে পারেদেস ও গাভির মধ্যে একটি বক্সিং লড়াইয়ের আয়োজন করার দাবি তোলা হয়। মূলত ফাইনাল বাঁশি বাজার পর এরিক গার্সিয়াকে রক্ষা করতে গিয়ে পারেদেসের মুখোমুখি হয়েছিলেন গাভি।

সেই মারমুখী মুহূর্তটিকেই ব্যঙ্গ করে তৈরি হয়েছিল ওই ব্যানার। বাসে থাকা ফ্যাবিয়ান রুইজ ও লামিনে ইয়ামাল ব্যানারটি দেখার পর হাসি চেপে রাখতে পারেননি। তারা গাভিকে দেখিয়ে এই হাস্যরসাত্মক লড়াইয়ের ইভেন্ট নিয়ে একে অপরের সঙ্গে মজা করতে থাকেন। 

আরটিভি/এসআর