বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০১:৪১ পিএম
স্পেনের বিশ্বকাপজয়ী দুই ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’কে ব্যতিক্রমী উপায়ে সংবর্ধনা জানিয়েছে তাদের নিজ শহর লস পালাসিওস। নগদ অর্থ বা দামি উপহারের পরিবর্তে স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে শরীরের ওজনের সমপরিমাণ টমেটো। এই অভিনব সংবর্ধনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো স্পেন। রাজধানী মাদ্রিদে বিজয় প্যারেড শেষে নিজ শহর লস পালাসিওসে ফেরেন রুইজ ও গাভি। সেখানে সিটি কাউন্সিল তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং স্থানীয় কৃষি ঐতিহ্যকে সম্মান জানিয়ে দুজনকেই ৬৮ কেজি করে টমেটো উপহার দেয়। দুই ফুটবলারের ওজনই ৬৮ কেজি হওয়ায় সমপরিমাণ টমেটো তুলে দেওয়া হয় তাদের হাতে।
😂🍅 FABIÁN Y GAVI RECIBEN SU PESO EN TOMATES DE LOS PALACIOS
— Zona Mixta (@ZonaMixta__) July 21, 2026
⭐️ GAVI: 68,5 KG
⭐️ FABIÁN RUIZ: 84,5 KG
👏🏼 El alcalde repite la iniciativa que les ha hecho conseguir a 3 campeones del mundo.
📹 @AlvarooSVQ pic.twitter.com/lagXwMzy0k
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শহর কর্তৃপক্ষ তাদের সম্মানে দুটি ফুটবল ভেন্যুর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। মারিসমাস ও সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নতুন নাম যথাক্রমে ফাবিয়ান রুইজ এবং পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’র নামে রাখা হবে। বর্তমানে এসব মাঠ স্থানীয় ক্লাব এডি মসকুইয়ো, লা লিয়ারা বালোম্পি এবং লস পালাসিওস সিএফ ব্যবহার করে।
এর আগে একই শহরে স্পেনের আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার জেসুস নাভাসের নামে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় রুইজ ও গাভিকেও স্থায়ীভাবে সম্মান জানানো হচ্ছে।
মঙ্গলবারের সংবর্ধনা অনুষ্ঠানে দুই খেলোয়াড়কে একটি স্মৃতিস্তম্ভের মডেলও উপহার দেওয়া হয়। সিটি কাউন্সিল জানিয়েছে, জেসুস নাভাস, ফাবিয়ান রুইজ ও গাভির সম্মানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউতে স্থাপন করা হবে।
ব্যতিক্রমী এই সংবর্ধনা এবং টমেটো উপহারের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে স্থানীয় সংস্কৃতি ও কৃষি ঐতিহ্যকে তুলে ধরার অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন।
আরটিভি/এসকে