images

খেলা / ফুটবল

‘ফুটবলকে বিক্রি করে দিয়েছে ফিফা’

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৫:০৪ পিএম

স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচে দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তারপরও শেষ হচ্ছে না ফিফার সমালোচনা। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কঠোর সমালোচনা করেছেন জার্মানির রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথেউস।

স্পোর্ট বিল্ডে লেখা নিজের কলামে লোথার ম্যাথেউস জানিয়েছেন ফুটবলকে আগেই বিক্রি করে দিয়েছে ফিফা। সেই সঙ্গে বালোগানের লাল কার্ড প্রত্যাহারের বিষয়টিকে ‘ফেয়ারপ্লে এবং ফুটবলের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Lopy

অবশেষে গার্দিওয়ালাকে নিয়োগের বিষয়ে মুখ খুললেন ইতালি ফুটবল প্রধান

তিনি বলেন, ট্রাম্পের ফোনের পর ফিফা যেভাবে বালোগুনের লাল কার্ড স্থগিত করল, তা সম্পূর্ণ আলোচনার বাইরে। এটি কখনোই হওয়া উচিত হয়নি—এটি ফেয়ারপ্লে এবং ফুটবলের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা।

তিনি আরও জানান, পুরো টুর্নামেন্টজুড়ে চলে আসা ট্রাম্প-ইনফান্তিনো শো, ফুটবলের অতিরিক্ত আমেরিকায়ন এবং চরম বাণিজ্যিকীকরণ তাকে ব্যাপকভাবে বিরক্ত করেছে।

হাইড্রেশন ব্রেক নিয়ে  বলেন, কারো কোনো ড্রিংকস ব্রেকের প্রয়োজন নেই। ফিফা এবং টিভি চ্যানেলগুলো কেবল এই বিরতিগুলোকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে—আর এটিই বিরতি দেওয়ার মূল কারণ।

ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-কে অপ্রাসঙ্গিক উল্লেখ করে তিনি আরও বলেন, দারুণ সব শিল্পী এবং দুর্দান্ত গান ছিল, কিন্তু কেন হাফ-টাইমে? এতে বিরতির সময় অযথা অনেক দীর্ঘ হয়ে যায়। এগুলো ম্যাচের শুরুতেই আয়োজন করা যেত।

এ ছাড়া বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। ম্যাথেউস বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে সমর্থকদের জন্য টিকিটের দাম ছিল বহুগুণ বেশি। হয়তো আমার চিন্তাটা একটু বেশি রোমান্টিক শোনাতে পারে, তবে আমি চাই ফুটবল যেন ফুটবলের জায়গাতেই থাকে—সবার জন্য উন্মুক্ত!

কলামের শেষভাগে ফুটবলের বাজারমুখী আচরণকে কিছুটা কটাক্ষ করে তিনি রসিকতার সুরে বলেন, পরবর্তী বিশ্বকাপে নাকি দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করা হতে পারে! তাহলে অন্তত একটা সুবিধা হবে—ইতালিও নিশ্চিতভাবে খেলার সুযোগ পেয়ে যাবে!

আরটিভি/এসআর