images

খেলা / ফুটবল

আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের বেশি গণস্বাক্ষর

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৭:২৯ পিএম

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনাকে ভবিষ্যতের বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে শুরু হওয়া একটি আন্তর্জাতিক গণস্বাক্ষর অভিযান। আয়োজকদের দাবি, ইতোমধ্যে এই আবেদনে স্বাক্ষর করেছেন ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন।

ইউরো নিউজের বরাত দিয়ে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, ‘Leave, Argentina’ শিরোনামের এই অনলাইন পিটিশনে ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

পিটিশনের আয়োজকদের ভাষ্য, যদি আগেই বিজয়ী নির্ধারণ করা থাকে, তাহলে বাকি দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ কী? সব দেশের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।

প্রথমে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়েই সেই সীমা ছাড়িয়ে যায়। আয়োজকদের দাবি অনুযায়ী, বর্তমানে স্বাক্ষরের সংখ্যা ২ কোটি ৩০ লাখেরও বেশি। এতে এটি ইতিহাসের অন্যতম বৃহৎ গণস্বাক্ষর অভিযানে পরিণত হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ১৯৯৭ সালের ‘Jubilee 2000’ পিটিশনে ২ কোটি ৪০ লাখের বেশি স্বাক্ষরের পর এটিকে অন্যতম বড় অনলাইন আবেদন হিসেবে উল্লেখ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

তবে ম্যাচের রেফারিং নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। সমালোচকদের দাবি, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস তাগলিয়াফিকোর কয়েকটি ফাউলে কার্ড দেখাননি। পাশাপাশি স্পেনের নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের দুটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে।

এ ছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলার ধরন এবং কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়।

আরও পড়ুন
THIAGO-MESSI

থিয়াগো মেসিকে নিয়ে ২০৩০ বিশ্বকাপের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

তবে উল্লেখ্য, আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানানো হয়নি। গণস্বাক্ষর অভিযানটি সমর্থকদের উদ্যোগ হলেও এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

আরটিভি/এসকে