images

খেলা / ফুটবল

জানা গেল স্পেন-আর্জেন্টিনার মুখোমুখির সম্ভাব্য সময়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১০:৫৪ পিএম

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর হতাশা কাটিয়ে ওঠার আগেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকেই অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে লামিন ইয়ামালের স্পেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আবারও ম্যাচটি আয়োজনের বিষয়ে আলোচনা শুরু করেছে। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। এরপর নতুন ভেন্যু নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। স্পেন চেয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম, আর আর্জেন্টিনা চাইছিল বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়াম। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তবে নতুন করে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দিন-তারিখ কিংবা ভেন্যু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন
messi

আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়ে যা জানা গেল

ম্যাচটি অনুষ্ঠিত হলে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দলের লড়াই উপভোগ করার সুযোগ পাবেন সমর্থকরা। বিশেষ করে মেসি ও ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

আরটিভি/এসকে