শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:১৬ পিএম
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও আল নাসরের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আট বছর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন স্পেনের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক থমাস রনসেরো।
মাদ্রিদভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক ‘আস’-এর এই সাংবাদিক ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
‘আস’ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ক্লিপে রনসেরো প্রস্তাব দেন, নতুন মৌসুম শুরুর আগে আল নাসরের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হোক। যেখানে রোনালদো নিজে মাঠে নামবেন এবং ম্যাচটি হবে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ঐতিহাসিক ৪০তম আসর।
১৯৭৯ সাল থেকে প্রতি মৌসুমের আগে রিয়াল মাদ্রিদ নিয়মিতভাবে ঐতিহ্যবাহী ‘সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি’র আয়োজন করে আসছিল। তবে ২০১৮ সালে ৩৯তম আসরের পর এই প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়।
রোনালদো ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন, যেখানে তিনি তিন বছর কাটান। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দেড় মৌসুম খেলে ২০২৩ সালের শীতকালে সৌদি প্রো লিগের দল আল নাসরে পাড়ি জমান।
রোনালদোর ক্লাব ছাড়ার আট বছর পর রনসেরোর এ মন্তব্য ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবেউ ট্রফি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো—উভয়কেই ঘরের মাঠে ফিরিয়ে আনার এক নতুন সম্ভাবনা উন্মোচন করল।
আগামী মৌসুম আল নাসরের সঙ্গে এই পর্তুগিজ তারকার চুক্তির শেষ বছর হতে যাচ্ছে, যা তার অবসর জল্পনাকেও উসকে দিচ্ছে।
আরটিভি/এসআর