images

খেলা / ফুটবল

এবার ২৯ বছরের পুরোনো ব্যালন ডি’অর রেকর্ড ভাঙার অপেক্ষায় ইয়ামাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৫:০৩ পিএম

বিশ্ব ফুটবলের নতুন মহাতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নামগুলোর একটি তিনি। মাত্র ১৯ বছর বয়সেই ২৯ বছরের পুরোনো একটি ঐতিহাসিক রেকর্ড ভাঙার হাতছানি পাচ্ছেন এই বার্সেলোনা তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে ইয়ামালের। বিশ্বকাপের পাশাপাশি লা লিগা শিরোপা এবং পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছে।

এত অল্প বয়সে বিশ্বকাপ জয়ের কীর্তি ফুটবল ইতিহাসে খুবই বিরল। ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ইতালির জিউসেপ্পে বেরগোমির পর সবচেয়ে কম বয়সী বিশ্বকাপজয়ী গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন ইয়ামাল। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন তিনি এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইয়ামাল। ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে। আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগা জয়ই তার অন্যতম লক্ষ্য।

ব্যক্তিগত অর্জনের তালিকায় রয়েছে কোপা ট্রফি ও গোল্ডেন বয় পুরস্কার। সর্বশেষ লা লিগা মৌসুমে ১৬ গোল করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি। পাশাপাশি ফেররান তোরেসের সঙ্গে যৌথভাবে জেতেন জাররা ট্রফি এবং মৌসুমে ১১টি অ্যাসিস্টও করেন।

বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৪৯ গোল ও ৪৪ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। বিশ্বকাপ শুরুর আগে বাঁ হাঁটুর টেন্ডনের চোটে ভুগলেও পুরো টুর্নামেন্টে স্পেনের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের প্রথম গোলের পেনাল্টিও আদায় করেন।

পরিসংখ্যান অনুযায়ী, পুরো বিশ্বকাপে সফল ড্রিবলের দিক থেকে ইয়ামালের চেয়ে এগিয়ে ছিলেন শুধু আর্জেন্টিনার লিওনেল মেসি। মেসির সফল ড্রিবল ছিল ২৮টি, আর ইয়ামালের ২৭টি। অন্যদিকে কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে ও ভিনিসিয়ুস জুনিয়র প্রত্যেকে করেছেন ১৬টি করে সফল ড্রিবল।

দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন ইয়ামাল। পুরস্কারটি জিততে পারলে তিনি ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যালন ডি’অরজয়ী ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। তিনি ১৯৯৭ সালে ২১ বছর ৯২ দিন বয়সে ব্যালন ডি’অর জিতেছিলেন।

বিশ্বকাপের পর আরও একটি সুখবর পেয়েছেন ইয়ামাল। বিশেষায়িত ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের সর্বশেষ মূল্যায়নে তার বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২০ মিলিয়ন ইউরো। একই বাজারমূল্য রয়েছে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডেরও।

আরও পড়ুন
IND-VS-PAK

কবে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, জানা গেল সূচি

সফল একটি মৌসুম শেষ করে বর্তমানে ছুটিতে রয়েছেন ইয়ামাল। নতুন মৌসুমে বার্সেলোনায় ফিরে আরও বড় লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ভবিষ্যতে ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্যারিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে এই স্প্যানিশ বিস্ময়বালকের সামনে।


আরটিভি/এসকে