শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৭:১৭ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তরুণ পেসার নাহিদ রানা। এছাড়া প্রথম টেস্টে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। একই সঙ্গে পেসার শরীফুল ইসলামেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম।
শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় চোট পান নাহিদ রানা। পরে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। মেডিকেল পরীক্ষায় তার বাঁ পাশের পাঁজরের পাশের পেশিতে (সাইড স্ট্রেন) গ্রেড-২ মাত্রার চোট ধরা পড়ে।
বিসিবি জানিয়েছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে নাহিদের প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর ধাপে ধাপে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না।
অন্যদিকে, শরীফুল ইসলামের পুনর্বাসন ইতিবাচকভাবে এগোচ্ছে। আগামী ২৯ জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করবেন। ১২ আগস্ট তার ফিটনেস মূল্যায়ন করা হবে। চিকিৎসকদের ছাড়পত্র এবং প্রয়োজনীয় ওয়ার্কলোড সম্পন্ন করতে পারলে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে। তবে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা খুবই কম।
এদিকে, বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা লিটন দাস বর্তমানে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তারও প্রথম টেস্টে খেলা হচ্ছে না।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। নাহিদ রানার ছিটকে যাওয়া এবং লিটন-শরীফুলের অনিশ্চয়তা সিরিজের আগে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এসকে