শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৭:৩০ পিএম
বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। পিঠের সমস্যার কারণে আগামী সোমবার অস্ত্রোপচার করাতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির নতুন প্রধান কোচ এঞ্জো মারেস্কা।
শুক্রবার কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে মারেস্কা জানান, অস্ত্রোপচারের পর রদ্রিকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ইতালিয়ান এই কোচ।
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩০ বছর বয়সী রদ্রি। টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
জাতীয় দলের হয়ে সফল হলেও ক্লাব ফুটবলে গত দুই মৌসুম চোটের সঙ্গেই লড়াই করতে হয়েছে রদ্রিকে। ২০২৪-২৫ মৌসুমের বড় একটি অংশ তিনি কাটিয়েছেন অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে মাঠের বাইরে। এরপরের মৌসুমেও বিভিন্ন শারীরিক সমস্যায় নিয়মিত খেলতে পারেননি ম্যানচেস্টার সিটির এই তারকা।
এদিকে গত সপ্তাহে রদ্রিকে ঘিরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে কোনো উদ্বেগ দেখাচ্ছেন না মারেস্কা।
সিটির কোচ বলেন, বড় খেলোয়াড়দের ঘিরে সবসময়ই নানা ধরনের গুঞ্জন থাকে। তাই এসব নিয়ে আমি মোটেও চিন্তিত নই।
অস্ত্রোপচারের কারণে রদ্রির মাঠে ফেরার সময় এখনো অনিশ্চিত হলেও, তাকে দ্রুত সুস্থ করে দলে ফেরানোর আশায় রয়েছে ম্যানচেস্টার সিটি।
আরটিভি/এসকে