images

খেলা / ফুটবল

ভিনিসিয়াসকে দলে টানতে মাঠে নেমেছে আর্সেনাল

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:১২ পিএম

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ ক্লাব আর্সেনাল।

ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। মূলত বেতন ও আর্থিক শর্ত নিয়ে মতপার্থক্যের কারণেই আলোচনা স্থবির হয়ে রয়েছে।

জানা গেছে, ভিনিসিয়াসের প্রতিনিধিরা বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো নেট বেতনের পাশাপাশি বড় অঙ্কের নবায়ন বোনাস দাবি করেছেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ২০ মিলিয়ন ইউরোর বেশি বেতন দিতে রাজি নয়।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘদিন ধরেই রিয়ালের বেতন কাঠামো কঠোরভাবে অনুসরণ করে আসছেন। ক্লাবের আশঙ্কা, ভিনিসিয়াসের দাবি মেনে নিলে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের মতো অন্যান্য তারকারাও ভবিষ্যতে একই ধরনের আর্থিক সুবিধা দাবি করতে পারেন।

এদিকে, রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ভিনিসিয়াসকে চুক্তির শেষ বছরে প্রবেশ করতে দিতে চায় না। কারণ সেক্ষেত্রে তাকে ভবিষ্যতে ফ্রি এজেন্ট হিসেবে হারানোর ঝুঁকি তৈরি হবে। তাই চুক্তি নবায়ন না হলে চলতি গ্রীষ্মেই মোটা অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে তাকে বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্প্যানিশ জায়ান্টরা।

এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে আর্সেনাল। আক্রমণভাগ আরও শক্তিশালী করতে বিশ্বমানের একজন লেফট উইঙ্গার খুঁজছে মিকেল আর্তেতার দল। সব মহলের নীতিগত অনুমোদন মিললে ভিনিসিয়াসকে দলে টানতে বড় ধরনের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গানার্সরা।

আরও পড়ুন
BELLON-DE-OR

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়, শীর্ষে কেইন

আর্সেনালের পাশাপাশি ভিনিসিয়াসের পরিস্থিতির ওপর নজর রাখছে ম্যানচেস্টার সিটিও। এছাড়া সৌদি আরবের কয়েকটি ক্লাবও বিপুল অঙ্কের প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে। ফলে ব্রাজিলিয়ান এই তারকার ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয় ফুটবলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরটিভি/এসকে