রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:০৬ পিএম
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল জাফনা কিংস। এই ম্যাচে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসানের নৈপুণ্যে দাপুটে জয় পেয়েছে জাফনা কিংস।
রোববার (২৬ জুলাই) ব্যাট হাতে হৃদয়ের ঝড়ো ইনিংসের পর বল হাতে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান তোলে জাফনা। উদ্বোধনী জুটিতে কামিল মিশারা ও আভিষ্কা ফার্নান্দো ১২৯ রান যোগ করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। মিশারা ৫৩ বলে ৭৮ এবং ফার্নান্দো ৩৬ বলে ৬৬ রান করেন।
শেষ দিকে নেমে মাত্র ২১ বলে অপরাজিত ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। দুটি চার ও একটি ছক্কায় ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান তিনি। ক্যান্ডির হয়ে শাহীন আফ্রিদি তিনটি উইকেট নেন।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্যান্ডি। মোহাম্মদ সিরাজ প্রথম তিন ওভারেই কুশল পেরেরা ও ডেল ফিলিপসকে ফিরিয়ে দেন।
এরপর আক্রমণে এসে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। তিন ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
দুনিথ ভেল্লালাগে ২২ রানে ৩ উইকেট এবং মোহাম্মদ সিরাজ ১৮ রানে ৩ উইকেট নিয়ে ক্যান্ডির ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এছাড়া ডেভিড ভিসা ও ট্রাভিন ম্যাথিউ একটি করে উইকেট নেন।
ক্যান্ডির হয়ে লাহিরু উদারা সর্বোচ্চ ৫৪ রান করলেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ১৮.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় তারা।
আরটিভি/এসআর