images

খেলা / ফুটবল

দরজায় চিরকুট টাঙিয়ে জন্মস্থান ছাড়লেন স্কালোনি

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২:১০ পিএম

বিশ্বকাপ ফাইনালের পর নিজের জন্মস্থান পুখাতোতে কয়েকদিন কাটিয়ে সবার অগোচরে শহর ছেড়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিদায়ের আগে কাউকে কিছু না জানিয়ে তিনি বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট টাঙিয়ে রেখে যান।

চিরকুটে লেখা ছিল, লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। স্থানীয় টেলিভিশন চ্যানেল ২ সেই বার্তাটি প্রকাশ করেছে। মূলত ভক্তরা যেন তাকে খুঁজতে এসে অপেক্ষা না করেন, সে কারণেই এই ব্যতিক্রমী উপায়ে বিদায় জানান বিশ্বকাপজয়ী কোচ।

স্পেনের বিপক্ষে ফাইনালে শিরোপা হারানোর হতাশার পর নাড়ির টানে নিজ শহর পুখাতোতে ফিরেছিলেন স্কালোনি। সেখানে হাজারো মানুষের উষ্ণ ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত হন তিনি। স্থানীয়দের উদ্দেশে একটি খোলা চিঠিও লিখেছিলেন আর্জেন্টাইন কোচ।

প্রায় পাঁচ দিনের অবস্থানে পুখাতোতে স্বাভাবিক জীবনই উপভোগ করেন স্কালোনি। বাইসাইকেলে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং শৈশবের ক্লাব অ্যালামনি দে কাসিলদার একটি ম্যাচও উপভোগ করেন। তিন হাজারের কিছু বেশি জনসংখ্যার ছোট্ট এই শহরে প্রতিদিন শত শত ভক্ত তার বাবা-মায়ের বাড়িতে ভিড় করেন। কেউ শুভেচ্ছা জানান, কেউ ছবি তোলেন, আবার কেউ নেন অটোগ্রাফ।

পুখাতো ছাড়ার পর স্কালোনি কোথায় গেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানোর পর পরবর্তী ফিফা উইন্ডোতে আবারও আর্জেন্টিনা দলের দায়িত্বে ফিরবেন।

আরও পড়ুন
olmo

আর্জেন্টাইন কোচকে একহাত নিলেন স্পেনের ওলমো

এদিকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার সঙ্গে নতুন চুক্তি করবে কি না, তা নিয়ে এখন থেকেই অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

আরটিভি/এসকে