সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২:৩২ পিএম
২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। এই সময় তাকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য ভক্ত। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে নানা বয়সী সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এলাকা।
এমনই এক মুহূর্তে খুদে ভক্ত ফ্রাঙ্কো ওটাভিয়ানি অভিনব এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অটোগ্রাফ নেওয়ার অজুহাতে স্কালোনির কাছে গিয়ে সে সাধারণ খাতার বদলে পরিবারের সহায়তায় তৈরি করা একটি প্রতীকী ‘২০৩০ বিশ্বকাপের চুক্তিপত্র’ সামনে তুলে ধরে।
বিষয়টি বুঝতে পেরে বিরক্ত না হয়ে বরং হাসিমুখেই প্রতীকী ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্কালোনি। উপস্থিত ভক্তরাও মুহূর্তটি উপভোগ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
চুক্তিপত্রে স্বাক্ষর নেওয়ার পর ফ্রাঙ্কো একটি ভিডিও বার্তায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার উদ্দেশে বলেন, এবার আপনার পালা। এর মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে জাতীয় দলের দায়িত্বে রাখার আহ্বান জানায় সে।
আর্জেন্টিনাকে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপসহ একাধিক শিরোপা এনে দেওয়া স্কালোনির ভবিষ্যৎ নিয়ে যখন ফুটবল অঙ্গনে আলোচনা চলছে, তখন এক শিশুভক্তের এই আন্তরিক ভালোবাসা ও প্রতীকী ‘চুক্তি’ ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরটিভি/এসকে