মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০১:৪০ পিএম
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ফ্র্যাঞ্চাইজি পোখারা অ্যাভেঞ্জার্স। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলতে থাকা সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি।
পোখারা অ্যাভেঞ্জার্স এক পোস্টে জানায়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন তাদের পরিবারের সদস্য। এনপিএলের তৃতীয় আসরে তাকে স্বাগত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চলমান এলপিএলে জাফনা কিংসের হয়ে বল হাতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন সাকিব। তার অভিজ্ঞতা ও অলরাউন্ড নৈপুণ্য এনপিএলেও পোখারা অ্যাভেঞ্জার্সের শক্তি বাড়াবে বলে মনে করছে দলটির কর্তৃপক্ষ।
নতুন মৌসুমের আগে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে পোখারা অ্যাভেঞ্জার্স। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক রহস্য স্পিনার আজন্তা মেন্ডিস। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন তিনি। তার অভিজ্ঞতা দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৭ নভেম্বর শুরু হবে নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।
এবারের আসরে অংশ নেবে আটটি দল বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কর্ণালি ইয়াকস, কাঠমান্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স, পোখারা অ্যাভেঞ্জার্স এবং সুদুরপশ্চিম রয়্যালস। সাকিবের নতুন এই যাত্রা ঘিরে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যেই বেড়েছে।
আরটিভি/এসকে